জাপানকে ছাড়িয়ে চীন ২য় বৃহত্তম অর্থনীতি
চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কথাটা অবশ্য অনেক দিন ধরেই বলা হচ্ছিল। কিন্তু গতকাল যখন জাপানের বার্ষিক অর্থনীতির আয়তনটা প্রকাশ করা হলো, তখন তা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো।প্রকাশিত তথ্যানুসারে, ২০১০ সালে জাপানের অর্থনীতির মোট আয়তন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৪০০ কোটি ডলার। আর একই সময়ে চীনের অর্থনীতির আয়তন প্রাক্কলন করা হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার কোটি ডলার। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে অর্থনীতির আয়তন পরিমাপ করা হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, চীনের অর্থনীতি যদি বর্তমান হারেই বেড়ে চলে, তাহলে এক দশক পরে বিশ্ব অর্থনীতির ১ নম্বর দেশের অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও হয়তো সরিয়ে দিয়ে সে স্থানটি নিজের করে নেবে।ছয় বছর আগেও চীন ছিল বিশ্ব অর্থনীতির ষষ্ঠ বৃহত্তম দেশ। ২০০৫ সালে ফ্রান্সকে টপকে গিয়ে চীনের অবস্থান হয় পঞ্চম। এরপর ২০০৬ সালে যুক্তরাজ্যকে টপকে চতুর্থ ও ২০০৭ সালে জার্মানিকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসে চীন। আর ২০১০ সালে চীন জাপানকে টপকে যাওয়ার ফলে ৪২ বছর পর বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশের অবস্থান খোয়াল জাপান।মূলত ২০১০ সালের শেষ প্রান্তিকে এসে জাপানের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ১০ শতাংশ হারে সংকুচিত হওয়ার ফলে দেশটির অর্থনীতির সামগ্রিক আয়তন কমে যায়। ২০১০ সালে জাপানের বার্ষিক প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৩ দশমিক ৯০ শতাংশ। একই সময়ে চীনের প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। একদিকে শক্তিশালী ইয়েন, অন্যদিকে ভোগব্যয় দুর্বল হয়ে পড়া—এ দুয়ের প্রভাবে জাপানের অর্থনীতি যখন নিম্নমুখী, চীনে তখন চলছে শিল্পোৎপাদনে তেজি ভাব।অবশ্য মাথাপিছু আয়ের দিক থেকে চীনের তুলনায় জাপান এখনো ১০ গুণ বেশি শক্তিশালী। দেশটির মাথাপিছু আয় এখন ৪০ হাজার ডলার। জাপানের অর্থনীতিমন্ত্রী কাওরু ইয়োসানো অবশ্য বলেছেন, ‘আমরা বিশ্ব অর্থনীতিকে নিজেদের অবস্থানক্রমের জন্য কোনো লড়াই করছি না। আমাদের মূল লক্ষ্য হলো নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটানো।’প্রতিবেশি চীনের অর্থনীতির এই বিরাট উত্তরণকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেছেন, চীন এখন জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সূত্র: বিবিসি ও এএফপি।