জাপানের শীর্ষস্থানীয় পোশাক কোম্পানি ফাস্ট রিটেইলিং আগামী ৫ জুলাই ঢাকায় পোশাকের দুটি শোরুম চালু করবে। গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের সঙ্গে ফাস্ট টেইলারিং এই সামাজিক ব্যবসা শুরু করছে। গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাস্ট টেইলারিং ২০১০ সালে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করে। এরপর ইউনিক্লো ও গ্রামীণ হেলথকেয়ার যৌথ উদ্যোগে ২০১১ সালে গ্রামীণ ইউনিক্লো নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে। গ্রামীণ ইউনিক্লো আগামী মাসে এই শোরুম দুটো চালু করবে।ইউনিক্লোর কর্মকর্তারা বলেন, মুনাফা করা তাঁদের সামাজিক ব্যবসার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এ দেশের দরিদ্র মানুষের কাজের সুযোগ সৃষ্টি করা এবং এ দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পোশাক সরবরাহ করা। তাঁদের লক্ষ্য ৩৫ বছরের কম বয়সীদের কাছে পোশাক বিক্রি করা। এ জন্য তাঁরা ৪ দশমিক ৬০ লাখ ডলার বিনিয়োগ করছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামীণ ইউনিক্লোর সামাজিক ব্যবসায় ইউনিক্লোর অংশ ৯৯ শতাংশ আর গ্রামীণ হেলথকেয়ারের এক শতাংশ।অনুষ্ঠানে গ্রামীণ ইউনিক্লোর প্রধান নির্বাহী কর্মকর্তা ইউকিহিরো নিত্তা বলেন, ফাস্ট রিটেইলিং জাপানের সবচেয়ে বড় এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম খুচরা পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে এর এক হাজার ২৫৪টি শোরুম আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে আছে ২২টি। উপমহাদেশে বাংলাদেশেই তাঁরা এই প্রথম শোরুম খোলার উদ্যোগ নিয়েছে।গ্রামীণ ইউনিক্লো সামাজিক ব্যবসার অংশ হিসেবে এশিয়ান উইনিভার্সিটি অব উইমেনের ছাত্রীদের বৃত্তি এবং নারী ফুটবল প্রকল্পে আর্থিক সহযোগিতা করবে। এক প্রশ্নের উত্তরে গ্রামীণ ইউনিক্লোর কর্মকর্তারা বলেন, আপাতত এ দেশের পোশাক খাতে তাঁরা বিনিয়োগ করছেন না।