সিঙ্গাপুরে ৩৮টি জাপানি কোম্পানির সঙ্গে বৈঠক করে এসে প্রতিনিধিদলের ব্রিফিং
জাপানি বিনিয়োগ বাড়বে, সংস্কার চালাতে হবে
বাংলাদেশে আগামী বছরগুলোতে জাপানি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছে সে দেশের ৩৮টি কোম্পানির সঙ্গে বৈঠক করে দেশে ফেরা একটি উচ্চপর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিনিধিদল। এ দলের সরকারি সদস্যরা বলছেন, বাংলাদেশ জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অনেক কিছু দিতে পারবে। অন্যদিকে বেসরকারি প্রতিনিধিরা বলছেন, বৈঠকে জাপানি বিনিয়োগকারীরা বেশ কিছু সংস্কারের কথা বলেছেন। সরকারকে সেগুলো করতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানানো হয়। জাপানি সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় ৪ আগস্ট সিঙ্গাপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের ৫৫ জন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব কটি সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সফরে সিঙ্গাপুরের বিনিয়োগকারী ও বিনিয়োগ উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধিদল। সেখানে বিনিয়োগের পাশাপাশি এক দরজায় সব সেবা বা ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয় আবুল কালাম আজাদ বলেন, জাপানিদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা ছিল গত নভেম্বরে। নানা কারণে তা হয়নি। অন্যতম কারণ ছিল গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ‘সেখানে আমরা কোনো সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব চাইতে যাইনি। আমরা গিয়েছিলেন বাংলাদেশে কী সম্ভাবনা আছে তা জানাতে।’
জাপানিদের সঙ্গে এ বৈঠকের পরবর্তী কার্যক্রম হিসেবে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল জাপানে যাবে উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘জাপানিরা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, এটা সবাই জানে। আমরা জাপানিদের বলেছি তাদের কী কী দিতে পারব।’ সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দক্ষতা উন্নয়নে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়া হবে। ব্যবসায় পরিবেশের উন্নয়নের জন্য সিঙ্গাপুরের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে সমঝোতা চুক্তি সই করার উদ্যোগ নেওয়া হবে। সিঙ্গাপুরের বিদেশে বিনিয়োগ সংস্থা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ (আইই) সিঙ্গাপুর বাংলাদেশ বিষয়ে কর্মকর্তা নিয়োগ করেছে বলে উল্লেখ করেন তিনি।
বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, ‘বৈঠকের পর আমি জাপানের কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছি। এতে আমার মনে হয়েছে, তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।’
প্রেস ব্রিফিংয়ে সিঙ্গাপুর সফর করে আসা তিনজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, জাপান পাঁচ বছর ধরে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনের মতো আসিয়ানভুক্ত দেশগুলোতে বছরে ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার বিনিয়োগ করছে। সম্প্রতি সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের একটি জরিপে এসেছে, ৫৬ শতাংশ জাপানি প্রতিষ্ঠান মজুরি বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ‘আমরা তাদের থেকে ১০ শতাংশ নিতে পারলেও এ দেশে জাপানি বিনিয়োগ ২০০ কোটি ডলার হবে।’
এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, হোলি আর্টিজানের ঘটনার পরে জাপানিদের আস্থা অর্জনের জন্য সিঙ্গাপুরের বৈঠকটিই ছিল সবচেয়ে ভালো উদ্যোগ। এ সময় তিনি এসজিডি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও বিডার চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, জাপানিরা অনেক বিষয়ে প্রশ্ন করেছে। সংস্কারগুলো কিন্তু চালাতে হবে।
নাসিম মঞ্জুর সিঙ্গাপুরের বৈঠকে জেট্রোর একটি উপস্থাপনার কথা তুলে ধরে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোর পছন্দের ২০টি দেশের তালিকায় বাংলাদেশ উঠে এসেছে, যা আগে ছিল না।
অনুষ্ঠানে এক প্রতিবেদক বিডা চেয়ারম্যানের কাছে জানতে চান, তিনি কীভাবে এখনো একটি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আছেন। অবশ্য কয়েকটি প্রশ্নের ভিড়ে এর উত্তর আসেনি।
প্রেস ব্রিফিংয়ে শেষ দিকে যোগ দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।