জাপানি হোন্ডা মোটরসাইকেল এবার বাংলাদেশেই হবে
জাপানের বিখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল এবার বাংলাদেশেই প্রস্তুত করা হবে। আগামী বছর সংযোজন করার মধ্য দিয়ে প্রক্রিয়াটি শুরু হবে। চতুর্থ বছরে নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন সম্ভব হবে। উদ্যোগটি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং হোন্ডা মোটরস কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী শিগগিরই বাংলাদেশ হোন্ডা (প্রাইভেট) লিমিটেড নামের একটি যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। এ প্রতিষ্ঠানই মূলত দেশে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন ও উৎপাদন করবে। ৬১ কোটি টাকার প্রাথমিক মূলধন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে তা বাড়বে। এতে হোন্ডার শতকরা ৭০ ভাগ মালিকানা থাকবে হোন্ডার এবং ৩০ ভাগ থাকবে বিএসইসির। শিল্প মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিএসইসি ও হোন্ডার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মো. আতাউর রহমান ও হোন্ডা মোটরসের পক্ষে প্রতিষ্ঠানের মোটরসাইকেল বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক তসিয়োকা ইনোমা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম প্রমুখ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হোন্ডা বিএসইসির আওতাধীন মোটরসাইকেল সংযোজনকারী প্রতিষ্ঠান এটলাসের সঙ্গে এত দিন ব্যবসা করে আসছিল। এই ধারাবাহিকতায় হোন্ডা বিএসইসিকে যৌথ অংশীদারির ভিত্তিতে মোটরসাইকেল উৎপাদন ও বিপণনের জন্য প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে গাজীপুরের শ্রীপুরে ভাড়া করা জমিতে কারখানা গড়ে তোলা হবে। এতে প্রথম বছর ১০ হাজার হোন্ডা মোটরসাইকেল সংযোজন করা হবে। দ্বিতীয় ও তৃতীয় বছরে এ সংখ্যা যথাক্রমে ৩৫ ও ৭০ হাজারে উন্নীত হবে। চতুর্থ বছরে নিজস্ব কারখানায় উৎপাদন শুরু হবে। তখন প্রতিবছর এক লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে।পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ বাংলাদেশ হোন্ডা লিমিটেড পরিচালনা করবে। এর মধ্যে তিনজন পরিচালক জাপানি হোন্ডা কোম্পানি এবং দুজন বিএসইসি থেকে মনোনীত হবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।দিলীপ বড়ুয়া বলেন, এ চুক্তির ফলে বিশ্বের বিখ্যাত শিল্প উদ্যোক্তারা দেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন আশা প্রকাশ করেন তিনি। হোন্ডা মোটরসের বিনিয়োগের ফলে বাংলাদেশে জাপানের হাইটেক প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।