জাপানিরা বাংলাদেশে সক্রিয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশে জাপানিদের কার্যক্রমে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা কেটে গেছে। জাপানের বিনিয়োগকারীরা এ দেশে আবার সক্রিয় হয়েছে। তাদের সঙ্গে ইতিমধ্যে জাপান ইকোনমিক জোনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানের কোম্পানিগুলো বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসছে।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের প্রাক্-যোগ্যতা লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা করছে নিটল-নিলয় গ্রুপ। ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পাকুন্দিয়া উপজেলায় প্রায় ৯২ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাওয়া এই অর্থনৈতিক অঞ্চল হবে কালিয়াচাপড়া চিনিকলের জমিতে। গতকাল নিটল-নিলয় গ্রুপের জ্যেষ্ঠ ভাইস চেয়ারপারসন সেলিমা আহমাদের হাতে এই অর্থনৈতিক অঞ্চলের প্রাক্-যোগ্যতা লাইসেন্স তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে হোলি আর্টিজানের ঘটনায় জাপানি বিনিয়োগ ও জাপানিদের বাংলাদেশে আসার ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়েছিল, তা কেটেছে কি না, এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘জাপানিরা প্রচার পছন্দ করে না। তাই বিস্তারিত বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, তারা গত বছর ১ জুলাইয়ের আগে যতটা সক্রিয় ছিল, ততটুকু বা তার চেয়ে বেশি গতিতে বাংলাদেশের ক্ষেত্রে এগিয়ে আসছে।’

এর আগে পবন চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে জাপানি ইকোনমিক জোন করার ক্ষেত্রে সে দেশের সুমিতমো করপোরেশনের সঙ্গে বেজার সমঝোতা চুক্তি হয়েছে। আবদুল মোনেম ইকোনমিক জোনের সঙ্গে জাপানের হোন্ডা মোটর করপোরেশনের বড় বিনিয়োগ চুক্তি হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ১ হাজার ১০ একর জমিতে জাপানের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সমঝোতা চুক্তিটি সই হয় গত ২ মে। এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আলোচনা শুরু হয় ২০১৩ সালে। তবে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী হামলার ঘটনা এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাধাগ্রস্ত করে।

গত ২১ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি ও বিনিয়োগ প্রস্তাবের  অগ্রগতি নিয়ে একটি সভা হয়। ২৯ জুন জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় প্রকল্পে ১৫৯ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়।

পবন চৌধুরী বলেন, জাপানের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং সে দেশের কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগের দ্বার উন্মোচিত হচ্ছে।

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ আইয়ুব বক্তব্য দেন।