জাপানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে গত এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাথমিক প্রাক্কলনের চেয়ে বেশি হয়েছে।
সংশোধিত প্রাক্কলনে দেশটিতে আলোচ্য তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি হয়েছে। প্রাথমিক প্রাক্কলনে আগের প্রান্তিকের চেয়ে এপ্রিল-জুন সময়ে প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছিল। খবর বিবিসির।
সাম্প্রতিক মাসগুলোতে জাপান বেশ কিছু আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ফলেই দেশটির অর্থনীতিতে কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের মার্টিন শুলজ বলেন, ‘জাপানের নীতিনির্ধারকদের নেওয়া পদক্ষেপগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারের আশাবাদ জাগিয়েছে। ইতিমধ্যে কোম্পানিগুলোও পুঁজি বিনিয়োগ বাড়াতে শুরু করেছে।’
অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ার খবরটি এমন এক সময়ে প্রকাশ পেল, যখন জাপান সরকার বিক্রয় কারের হার বাড়ানোর কথা বিবেচনা করছে।