জাপানে গাড়ি বিক্রি ২৬ শতাংশ বেড়েছে
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে ২০১২ সালে গাড়ি বিক্রি আগের বছরের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ বেড়েছে।বিদায়ী বছরে দেশটিতে মোট ৩৩ লাখ ৯০ হাজার ২৭৪ ইউনিট (ছোট গাড়ি বাদে) বাস, ট্রাক ও কার বা মোটরগাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী মোটরগাড়ি ৩০ লাখ ১৪ হাজার ৬৫১, ট্রাক তিন লাখ ৬৩ হাজার ও যাত্রীবাহী বাস ১১ হাজার ৯৩৮ ইউনিট বিক্রি হয়েছে। জাপান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন (জেএডিএ) এই তথ্য পরিবেশন করেছে।আলোচ্য বছরে জাপানে ছোট গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ইউনিট, যা আগের বছরের চেয়ে ৩০ দশমিক ১ শতাংশ বেশি। খবর এএফপির।জাপানে উপর্যুপরি ভূমিকম্প ও সুনামির কারণে ২০১১ সালে গাড়ি বিক্রি তার আগের বছরের চেয়ে ১৬ দশমিক ৭ শতাংশ কমেছিল। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে গাড়ি কারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের সরবরাহব্যবস্থা একরকম ভেঙেই পড়ে। তখন বিশেষ করে টয়োটা ও নিশানের মতো ব্র্যান্ডগুলোর কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের শেষ চার মাসে টানা গাড়ি বিক্রি কম হয়েছে। এর মধ্যে ডিসেম্বরে দুই লাখ ১৪ হাজার ৪২৯ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। পরিবেশবান্ধব গাড়ি বিক্রিতে সরকারের দেওয়া ভর্তুকি-সুবিধা উঠে যাওয়ায় বিক্রি কমে গেছে।জেএডিএর একজন নেতা বলেন, মাসিক বিক্রি কমার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা কঠিন। তবে ভর্তুকি উঠে যাওয়াটা এখনো একটি বড় গাড়ি বিক্রির ক্ষেত্রে যে প্রভাব ফেলছে তা বলা যায়।