জাপানে গ্রামীণ ব্যাংকের মতো ঋণসেবা চালুর চিন্তা হচ্ছে
জাপানের আর্থিক সেবা খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শিযুকা কামেই এখন ডাকসেবা ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করে চলেছেন। এ ক্ষেত্রে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির অনুকরণে জাপানে কোনো একটি প্রকল্প চালু করা যায় কি না, তাও পর্যালোচনা করছেন। ডাক বিভাগের সংস্কার বিষয়ে নতুন একটি বিল সংসদে পেশ করার আগে মন্ত্রী এখন বিভিন্ন মহলের মতামত শুনছেন। এর অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি জাপানে অবস্থানরত ছয়জন বিদেশি সাংবাদিকের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় নিউইয়র্ক টাইমস, ফাইনান্সিয়াল টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল, লে মন ও দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় অর্থনৈতিক দৈনিক মেয়াইল বিজনেস নিউজপেপার-এর পাশাপাশি প্রথম আলোর টোকিও প্রতিনিধিও ছিলেন।মন্ত্রী প্রথম আলোর প্রতিনিধির কাছ থেকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জানতে চান। ডাক বিভাগের, বিশেষ করে ডাক বিভাগের ব্যাংকিং ও বিমা কার্যক্রমের যেকোনো সংস্কার যেন নাগরিকদের চাহিদা পূরণ করতে পারার মতো অর্থবহ হয়ে ওঠে, মন্ত্রী এখন সে চেষ্টাই করছেন। জাপানের ডাক ব্যবস্থার বেসরকারীকরণ প্রশ্নে দেখা দেওয়া রাজনৈতিক বিভক্তির কারণে উদার গণতন্ত্রী পার্টি এলডিপির একসময়ের এই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ২০০৫ সালে দল ত্যাগ করে নিউ পিপলস পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গড়ে তোলেন। তাঁর দলটি বর্তমানে ত্রিদলীয় কোয়ালিশন সরকারের অন্যতম অংশীদার। ডাক বিভাগের বেসরকারীকরণ প্রশ্নে শিযুকা কামেইয়ের দৃঢ় অবস্থান বিবেচনা করে প্রধানমন্ত্রী ইয়ুকিও হাতোইয়ামা তাঁর মন্ত্রিসভায় তাঁকে ডাক সংস্কারের বিশেষ দায়িত্ব দিয়ে আর্থিক সেবা খাতসংক্রান্ত মন্ত্রী নিয়োগ করেছেন। জাপানের ডাক বিভাগের বিশাল ডাক সঞ্চয় তহবিলের প্রতি দেশ ও বিদেশের নেতৃস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি অনেক দিন থেকেই নিবন্ধ। জাপানের ডাক সঞ্চয় খাতে জমা হওয়া অর্থের পরিমাণ হচ্ছে একক কোনো আর্থিক প্রতিষ্ঠানে জমা হওয়া অর্থের দিক থেকে বিশ্বে সর্বোচ্চ। ফলে বিশাল এই অর্থের কার্যকর ব্যবস্থাপনা একদিকে যেমন জাপানের অর্থনীতিকে মন্দা থেকে বের করে আনায় সহায়ক হতে পারে, অন্যদিকে নাগরিক জীবনে দেখা দেওয়া সমস্যা সমাধানের পথও সেই অর্থ কাজে লাগিয়ে তৈরি করে নেওয়া সম্ভব। জাপানি মন্ত্রী সেই দ্বিতীয় সম্ভাবনার আলোকে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কার্যাবলি এখন খতিয়ে দেখছেন। ডাক সঞ্চয় খাতে জমা হওয়া অর্থের একটি অংশ আঞ্চলিক ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে ব্যয়ের যে পরিকল্পনা তিনি করছেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচি সে দিক থেকে জাপানের অর্থনীতির জন্য নতুন পথ দেখিয়ে দিতে পারে বলে তাঁর ধারণা।