জাপানে জরিমানার মুখে নোভার্টিস
এবার সুইজারল্যান্ডের বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের বিরুদ্ধে তথ্য কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগটি এনেছে জাপান।
জাপানের অভিযোগ হলো, নোভার্টিসের একজন সাবেক কর্মকর্তা যখন ক্লিনিক্যাল ডেটা নিয়ে কারসাজি করছিলেন, তখন কোম্পানিটি তা যথাযথভাবে তত্ত্বাবধান করতে ব্যর্থ হয়েছে।
এদিকে ফ্রান্সের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক বিএনপি পারিবাস গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে প্রায় ৯০০ কোটি ডলার জরিমানা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান, সুদান ও কিউবার ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তা লঙ্ঘন করে এসব দেশের গ্রাহকদের সঙ্গে লেনদেন করার দায়ে ব্যাংকটিকে এই জরিমানা দিতে হচ্ছে।
এটি হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় জরিমানা। এ নিয়ে যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে ইউরোপের বড় ছয়টি ব্যাংককে জরিমানা করল।
নোভার্টিস: জাপানি আইন অনুযায়ী কোনো কোম্পানি তার কোনো কর্মীর কারসাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে ব্যর্থ হলে সেটির সর্বোচ্চ ২০ লাখ ইয়েন জরিমানা হতে পারে; যা ১৯ হাজার ৭০০ মার্কিন ডলারের সমান।
আর অভিযোগ প্রমাণিত হলে নোভার্টিসের অভিযুক্ত কর্মকর্তা ৬৩ বছরের নবৌ শিরাহাশির দুই বছর পর্যন্ত জেল ও ২০ লাখ ইয়েন জরিমানা হতে পারে। তাঁকে ইতিমধ্যে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে।
নোভার্টিস ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিভিশনের প্রধান ডেভিড এপস্টেইন বলেন, ‘আমরা জাপানে কোম্পানির ব্যবসায়িক সংস্কৃতিতে পরিবর্তন আনয়ন ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
গত বছর নোভার্টিস রক্তচাপের একটি ওষুধ জাপানে বাজারজাত করার পর কয়েকটি স্থানীয় বিশ্ববিদ্যালয় এর ওপর গবেষণা শুরু করে। কিন্তু এই প্রক্রিয়ায় কোম্পানিটির কর্মকর্তা নবৌ শিরাহাশি জড়িত হয়ে তথ্য কারসাজি করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণাসমূহ প্রত্যাহার করে নেয়।
নোভার্টিসও অবশ্য এর আগে স্বীকার করেছে যে নিজের পরিচয় লুকিয়ে গবেষণার সঙ্গে তাদের ওই কর্মকর্তার জড়িত থাকা উচিত হয়নি।
তাকেদা-এলি লিলি: চলতি বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র জাপানের বৃহত্তম ওষুধ কোম্পানি তাকেদা ও তার মার্কিন অংশীদার এলি লিলিকে ৯০০ কোটি ডলার জরিমানা করেছে। তাদের সর্বোচ্চ বিক্রীত একটি ডায়াবেটিসের ওষুধ ব্যবহারে যে মূত্রাশয়ের ক্যানসার হতে পারে, সেই তথ্য গোপন করার দায়ে ওই জরিমানা করা হয়।
বিএনপি পারিবাস: ফরাসি ব্যাংকটি যুক্তরাষ্ট্রকে ৮৯০ কোটি ডলার জরিমানা দেবে; যা তাদের ২০১৩ সালের এক হাজার ১২০ কোটি ডলারের কর-পূর্ব আয়ের প্রায় কাছাকাছি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এক সংবাদ সম্মেলনে বলেন, সুইস ব্যাংকটি ২০০২ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে অবৈধভাবে বারবার শত শত কোটি ডলার অন্যান্য দেশে স্থানান্তর করেছে। এ ধরনের অবৈধ লেনদেন কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপি পারিবাসকে বড় অঙ্কের জরিমানা করার ফলে অন্যান্য কোম্পানিও সতর্ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি পারিবাসের প্রধান নির্বাহী জিন-লরেন্ট বোনাফে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিষ্পত্তিকে তাঁর ব্যাংককে সামনের দিতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা অতীতের এই অপকর্মের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
আরও ছয় ব্যাংক: এর আগে যুক্তরাষ্ট্র আইন লঙ্ঘনের দায়ে ইউরোপের আরও ছয়টি বহুজাতিক বড় ব্যাংককে ৭৭৭ কোটি ডলার জরিমানা করে। এর মধ্যে সুইস ব্যাংক ক্রেডিট সুইসকে কর ফাঁকি দেওয়ার জন্য ২৬০ কোটি ডলার, ইউবিএসকে লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদহার) নিয়ে কারসাজির ঘটনায় ১২০ কোটি ডলার ও কর ফাঁকির জন্য ৭৮ কোটি ডলার জরিমানা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক এইচএসবিসিকে মানি লন্ডারিং বা অবৈধ লেনদেনের দায়ে ১৯০ কোটি ডলার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দিতে হয়। এ ছাড়া নেদারল্যান্ডসের রাবো ব্যাংককে লাইবর কারসাজির কারণে ৭৪ কোটি ডলার ও আইএনজি ব্যাংককে নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ৬২ কোটি ডলার জরিমানা করা হয়।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসি