জাপানে টানা আট মাস ধরে বাণিজ্য ঘাটতি
জাপানে টানা আট মাস ধরে বাণিজ্য ঘাটতি চলছে।এতে দেশটির নতুন সরকারের সামনে অর্থনীতিকে চাঙা করে তোলার চ্যালেঞ্জ বড় হয়ে উঠছে। কারণ তাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো রপ্তানি খাত।এদিকে আগামী মাসগুলোতেও দেশটির বাণিজ্য ঘাটতির প্রবণতা অব্যাহত থাকবে এবং আরও জোরালোও হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন। খবর বিবিসির।সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে জাপানে রপ্তানি কমার বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি স্থানীয় মুদ্রায় ৭৭ হাজার ৭৫০ কোটি ইয়েন বা ৮১০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, আলোচ্য মাসে সেই দেশের পণ্য রপ্তানি ২ দশমিক ৯ শতাংশ কমেছে। এর বিপরীতে আমদানি বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।বিশ্লেষকেরা মনে করেন, জাপানের রপ্তানি খাত এমনিতেই বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। এ অবস্থায় মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় খাতটির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের নভেম্বর থেকে চার মাসে ইয়েনের দর পড়েছে ২০ শতাংশ।এ ছাড়া জাপানের শীর্ষস্থানীয় রপ্তানিকারকেরা বিগত বছরগুলোতে তাঁদের কারখানা বিদেশে স্থানান্তর করায় এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মতো বড় বাজারগুলোতে চাহিদা কমায় দেশ থেকে রপ্তানি কমার প্রবণতা জোরালো হয়েছে।ভূখণ্ড নিয়ে বিরোধের জের ধরে প্রধান বাণিজ্য অংশীদার চীনে টানা আট মাস এবং ইইউতে টানা ১৭ মাস ধরে জাপানের পণ্য রপ্তানি কমেছে।