জাপানে টানা পঞ্চম মাস রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে টানা পঞ্চম মাসের মতো গত অক্টোবরে রপ্তানি আয় কমেছে। দেশটির অন্যতম দুটি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনে চাহিদা কমার কারণেই এমনটি হয়েছে। জাপানে অক্টোবরে রপ্তানিমুখী পণ্যের শিপমেন্ট বা জাহাজীকরণ আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। ১৯৭৯ সালের পরে গত ৩০ বছরে অক্টোবর মাসে এটিই হলো সবচেয়ে খারাপ রপ্তানির চিত্র। আর পরিমাণ বিবেচনায় চীনে ১১ দশমিক ৬ শতাংশ ও ইইউতে ২০ শতাংশ রপ্তানি কমেছে। সেপ্টেম্বরে চীনে জাপানি পণ্যের রপ্তানি কমে ১৪ দশমিক ১ শতাংশ।দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী রপ্তানি কমার কারণে অক্টোবরে জাপানে আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে ৬৭০ কোটি মার্কিন ডলার বা স্থানীয় মুদ্রায় ৫৪ হাজার ৯০০ কোটি ইয়েনে উন্নীত হয়েছে। খবর বিবিসি, এএফপি ও বাসসের।ভূখণ্ড নিয়ে বিরোধ থাকার কারণে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনে জাপানি পণ্যের রপ্তানি কমেছে। আর অব্যাহত ঋণসংকটের কারণে ইইউর দেশগুলোতে চাহিদা কমে যাওয়ায় ওই অঞ্চলে জাপানের রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।জাপানের অর্থনীতি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সংকুচিত হয়েছে, এমন খবর প্রকাশিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে জানা গেল, তাদের রপ্তানি-আয় কমে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।জাপানের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর। সে জন্য রপ্তানি-আয় কমার কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক পড়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। কারণ, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা দীর্ঘায়িত হতে থাকায় আগামী মাসগুলোতে জাপানের রপ্তানি-আয়ও কমবে বলে বিশ্লেষকেরা মনে করেন।