জাপানে গত এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি হয়েছে। স্থানীয় মুদ্রা ইয়েনের বিনিময় হার পড়ে যাওয়ায় এবং আমদানি ব্যয় ব্যাপক হারে বাড়ার কারণেই প্রধানত দেশটিতে ক্রমাগত বাণিজ্য ঘাটতি চলছে।জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে দেশটিতে ৮৬০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বাণিজ্য ঘাটতি হয়েছে, যা প্রত্যাশিত ৬৯ দশমিক ৭ শতাংশকে ছাড়িয়ে গেছে। ১৯৭৯-৮০ সাল-পরবর্তী তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারেই সবচেয়ে বেশি সময় ধরে বাণিজ্য ঘাটতি চলছে।১৯৭৯ সালের জুলাই থেকে ১৯৮০ সালের আগস্ট পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বাণিজ্য ঘাটতি হয়েছিল। খবর বাসস/এএফপির।জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবের সরকারের প্রবৃদ্ধিমুখী ও ব্যয়মুখী নীতিমালার কারণে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ইয়েনের বিনিময় হার গত ছয় মাসে ২০ শতাংশ পড়ে গেছে বলে মনে করা হয়। অন্যদিকে দেশটির শেয়ারবাজার চাঙা হয়ে উঠেছে। শেয়ার সূচক পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।জাপানের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর হলেও দেশটি এখন বিনিময় হার পড়ে যাওয়া ও আমদানি ব্যয় বাড়ার চাপে রয়েছে।এপ্রিল মাসে জাপানে রপ্তানি আয় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭৮ ট্রিলিয়ন (এক ট্রিলিয়ন মানে এক লাখ কোটি) ইয়েনে উন্নীত হয়েছে। অথচ এর বিপরীতে আমদানি ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬ দশমিক ৬৬ ট্রিলিয়ন ইয়েনে উঠেছে।এই এপ্রিলে জাপানে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের গড় বিনিময় হার ছিল ৯৬ দশমিক শূন্য ১ ইয়েন। গত বছরের একই সময়ে এই হার ছিল ৮২ দশমিক ৩১ ইয়েন। অর্থাৎ গত এক বছরে দেশটির নিজস্ব মুদ্রা ইয়েনের বিনিময় হার ১৭ শতাংশ কমেছে।আরবিএস সিকিউরিটিজ জাপানের প্রধান অর্থনীতিবিদ জুনকো নিশিওকা বলেন, ‘রপ্তানি আরও বাড়বে বলে আশা করা যায়। কিন্তু আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি অব্যাহত থাকতে পারে।’জুনকো নিশিওকা আরও বলেন, রপ্তানি খাতে ‘সবচেয়ে বাজে সময়’ অবশ্য কেটে গেছে। ২০১১ সালে সুনামি ও ভূমিকম্পের ভয়াবহ আঘাতে জাপানের অধিকাংশ পারমাণবিক চুল্লি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটে। যে কারণে দেশটিকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে, যা বাণিজ্য ঘাটতি ত্বরান্বিত করছে।