জাপানে পোকেমন গো আনছে ম্যাকডোনাল্ডস
ম্যাকডোনাল্ডসের সঙ্গে চুক্তি করে জাপানে আসছে পোকেমন গো গেম, এমন গুজবে আজ বুধবার পুঁজিবাজারে রাতারাতি প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে ফাস্টফুড কোম্পানিটির শেয়ারের দর।
৬ জুলাই ‘পোকেমন গো’ নামে স্মার্টফোনের জন্য নতুন একটি গেম বাজারে ছাড়ে ভিডিও গেম নির্মাতা নিনটেন্ডো। বাজারে আসার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে অগমেন্টেড রিয়্যালিটির এই গেম। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে গেমটি পাওয়া গেলেও এখনো জাপানে আসেনি এটি। আর তাই এ গুজব যেন লুফে নিলেন বিনিয়োগকারীরা। নতুন চুক্তি হচ্ছে—এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও টেক ক্রাঞ্চে খবর প্রকাশের পর হু হু করে বাড়তে শুরু করে জাপান ম্যাকডোনাল্ডসের শেয়ারের দর। তবে কবে নাগাদ গেমটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য নেই।
ম্যাকডোনাল্ডসের শেয়ারের দর বাড়লেও কমেছে জাপানের প্রধান সূচক নিকেই। আজ লেনদেন শেষে নিকেই সূচক কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আর নিনটেন্ডোর শেয়ারের দর কমেছে ১২ শতাংশ।