জাপানে প্রবৃদ্ধির গতি শ্লথ

বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলক শ্লথ হয়ে পড়েছে। এপ্রিল-জুলাই প্রান্তিকে দেশটিতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ।
চলতি ২০১৩ অর্থবছরে জাপানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ২ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাপান সরকারের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ১ শতাংশ।
বিশেষজ্ঞরা মনে করেছিলেন, এ বছর ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে কয়েক বছরের স্থবিরতার পর অর্থনীতিকে সঞ্চরণশীল করার চেষ্টা করছেন।
এদিকে জাপানি গবেষণা প্রতিষ্ঠান তাকেসি মিনামিনরিনচুকিন বলেছে, জাপান দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জন করবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
গতকাল সোমবার সেই দেশের মন্ত্রিপরিষদ সচিবালয় জানিয়েছে, প্রবৃদ্ধিতে রপ্তানি ও সরকারি ব্যয় বিশেষ ভূমিকা পালন করছে। টানা তিন প্রান্তিকে জাপান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় রয়েছে। তবে ব্যবসায় বিনিয়োগ কমেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবের বর্তমান অর্থনৈতিক ধারাকে বলা হয় ‘আবেনোমিকস’।
তাকেসি মিনামিনরিনচুকিন আরও বলছে, আবেনোমিকসের সাফল্যের পেছনে কারণ হলো, ভোক্তাদের মধ্যে খরচের প্রবণতা বাড়ানো। খবর বিবিসির।