জাপানে বাণিজ্য ঘাটতির রেকর্ড
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে গত ২০১২ সালে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির রেকর্ড হয়েছে।আলোচ্য বছরে বাণিজ্য ঘাটতি বেড়ে স্থানীয় মুদ্রায় ৬৯০ ট্রিলিয়ন বা ছয় লাখ ৯০ হাজার কোটি ইয়েন বা সাত হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। জাপানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য পরিবেশন করেছে।ইউরোপ ও চীনে অব্যাহতভাবে রপ্তানি কমার কারণেই মূলত বাণিজ্য ঘাটতি বেড়েছে। ঋণ-সংকটজনিত অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপে আরেকটি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধের কারণে চীনে জাপানি পণ্যের চাহিদা ব্যাপক হারে কমেছে। এ কারণে চীনারা রীতিমতো জাপানি পণ্য বর্জন করে চলেছে। দ্বীপটিকে জাপান সেনকাকু আর চীনারা দিয়াওইউ বা তিয়াওইউ নামে ডাকে।জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনজো আবের নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান ও ব্যাংক অব জাপান বা বিওজে (কেন্দ্রীয় ব্যাংক) আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করার পরই বাণিজ্য ঘাটতির তথ্য প্রকাশিত হলো। প্রধানমন্ত্রী অর্থনীতিকে চাঙা করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। খবর বিবিসির।টোকিওর মিৎসুবিশি ইউএফজে মরগ্যানের তাৎসুশি শিকানো বলেন, বৈশ্বিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুবাদে আগামী মাসগুলোতে জাপানের বাণিজ্য ঘাটতিও কমে আসবে।জাপানে টানা সাত মাস ধরে রপ্তানি কমেছে। এর মধ্যে ২০১২ সালের ডিসেম্বরে রপ্তানিমুখী পণ্যের জাহাজীকরণ আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ কমেছে।প্রসঙ্গত, জাপান ৩০ বছরের মধ্যে ২০১১ সালেই প্রথম বাণিজ্য ঘাটতির মুখে পড়ে। ওই বছরে ঘাটতি হয় দুই লাখ ৫৬ হাজার কোটি ইয়েন।