জাপানে বাণিজ্য ঘাটতির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে গত ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি হয়েছে। এ নিয়ে টানা নয় মাস দেশটিতে বাণিজ্য ঘাটতি চলছে। বিশ্ববাজারে জাপানি পণ্যের চাহিদা ও স্থানীয় মুদ্রা ইয়েনের বিনিময় হার কমায় এবং বিদেশ থেকে তেল আমদানি বাড়ায় দেশটি বড় ধরনের বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে। ঘাটতিটা দাঁড়িয়েছে আট হাজার ৩৪০ কোটি মার্কিন ডলারে (স্থানীয় মুদ্রায় আট লাখ কোটি ইয়েনের বেশি)। খবর বিবিসির।গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ মাসে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের বিনিময় হার ২০ শতাংশ কমেছে। এতে দেশটির আমদানি ব্যয়ের অঙ্ক বেড়ে গেছে।তবে বিশ্লেষকেরা বলছেন, ইয়েনের বিনিময় হার কমায় তা আগামী মাসগুলোতে রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক হবে।গবেষণা সংস্থা নরিনচুকিন রিসার্চ ইনস্টিটিউটের (এনআরআই) প্রধান অর্থনীতিবিদ তাকেশি মিনামি বলেছেন, ইয়েনের বিনিময় হার কমার কারণে আমদানি ব্যয় যে হারে বেড়েছে, তা রপ্তানি আয়ের চেয়ে অনেক বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি বিশাল আকার ধারণ করেছে।এনআরআই মনে করে, দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়ায় আমদানি ব্যয় বেড়ে গেছে, যা রপ্তানি আয়ের সঙ্গে ঘাটতির ব্যবধানকে বড় করে তুলেছে।অন্যদিকে জাপানের সবচেয়ে বড় দুটি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রে চাহিদা কমায় দেশটির রপ্তানি আয়ে বড় ধরনের আঘাত আসে। এ ছাড়া ভূখণ্ড নিয়ে বিরোধের কারণে প্রতিবেশী চীনেও কয়েক মাস ধরে জাপানি পণ্যের বিক্রি কমেছে।