জাপানে ব্যাটারি রপ্তানি শুরু করল রহিমআফরোজ
রহিমআফরোজের গ্লোব্যাট ব্যাটাারি এবার জাপানে যাচ্ছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ব্যাটারি রপ্তানি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্ববাজারে রহিমআফরোজের রপ্তানি দেশের সংখ্যা বেড়ে হলো ৪৫।জাপানের বাজারে গ্লোব্যাটের রপ্তানি উপলক্ষে ঈশ্বরদী ইপিজেডে রহিমআফরোজের নিজস্ব প্ল্যান্টে গতকাল মঙ্গলবার একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো শাদোসিমা ও বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব ইশুহারু সিনতো, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস, এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এন্ড্রু টিলকে এবং রহিমআফরোজ গ্লোব্যাটের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন। অনুষ্ঠানে জানানো হয়, রহিমআফরোজ এ পর্যন্ত নয় লাখ ২০ হাজার অটোমেটিভ ব্যাটারি ৪৪টি দেশে রপ্তানি করেছে, যার মূল্যমান চার কোটি ডলার।