জাপানে রপ্তানি বাজার বাড়াতে পণ্য বহুমুখীকরণের তাগিদ
জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও গুণগতমান বাড়ানোর তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে দুই দেশে আলাদা ডেস্ক খোলার সুপারিশ করেছে সংগঠনটি।গতকাল বৃহস্পতিবার ডিসিসিআই আয়োজিত ‘জাপানে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব সুপারিশ করা হয়। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআইর সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামাতসো সিনোতসুকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিসিসিআই কনভেনর ওসামা তাসের এবং জেট্রো-বাংলাদেশের প্রতিনিধি তাকাসি সুজুকি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর ধন্যবাদ জ্ঞাপন করেন।নির্ধারিত আলোচনায় ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বেসিসের ঊর্ধ্বতন সহসভাপতি ফাহিম মাশরুর এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি রাশেদ আহমেদ আলী অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন, বায়োটেক লিমিটেডের ড. ফেরদৌসি রহমান, ডিসিসিআইর সাবেক পরিচালক আহমেদ হোসেন মজুমদার প্রমুখ অংশগ্রহণ করেন বলে ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, হালকা প্রকৌশল, ওষুধ ও আইটি খাতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপান সরকারের সহযোগিতা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। এ ছাড়া তিনি বাংলাদেশি পণ্যের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত তামাতসো সিনোতসুকা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যবসা সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার তাগিদ দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। চীন এবং আসিয়ান দেশগুলোতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় জাপানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো ধীর ধীরে বাংলাদেশকে বিকল্প স্থান হিসেবে চিহ্নিত করেছে বলে তিনি জানান।ডিসিসিআইর সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে একটি ‘জাপান ডেস্ক’ এবং জাপানে একটি ‘বাংলাদেশ ডেস্ক’ খোলার প্রস্তাব করেন। ডিসিসিআইর সভাপতি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি পণ্যের মান বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা বাড়াতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান টেক্সটাইলস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (জাইটা) এবং অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।