জাপানে রপ্তানি বাড়লেও ঘাটতি কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে জাপানে পণ্য রপ্তানি বাড়লেও দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি কমেনি। আর এই ঘাটতি না কমার কারণ মূলত জাপান থেকে আমদানি বেড়ে চলার কারণে।২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ জাপানে ৩৩ কোটি ডলারের পণ্যসামগ্রী রপ্তানি করেছে, যা ২০০৮-০৯ অর্থবছরে ছিল ২০ কোটি ২৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৬৩ শতাংশ।তবে একই সময়ে জাপান থেকে পণ্য আমদানিও বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে জাপান থেকে ১০১ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছিল, সেখানে ২০০৯-১০ অর্থবছরে আমদানি করা হয়েছে ১০৪ কোটি ৭২ লাখ ডলারের পণ্য।মূলত ২০০৮-০৯ অর্থবছরে প্রথমবারের মতো জাপান থেকে বাংলাদেশে পণ্য আমদানি ১০০ কোটি ডলার অতিক্রম করে। এর আগের বছর (২০০৭-০৮) জাপান থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ৮২ কোটি ৬৬ লাখ ডলার। আর সেই বছর জাপানে ১৭ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।এর ফলে ২০০৭-০৮ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ছিল ৬৫ কোটি ৪০ লাখ ডলার, যা ২০০৮-০৯ অর্থবছরে বেড়ে হয় ৮১ কোটি ১১ লাখ ডলার। তবে ২০০৯-১০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি খানিকটা কমে হয় ৭১ কোটি ৬৭ লাখ ডলার।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) কর্তৃক সংকলিত পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।এতে আরও দেখা যায়, জাপানে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে আছে তৈরি পোশাক, নিট পোশাক, চামড়া ও পাটজাত পণ্য। জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানির গতিধারা গত দুই দশকে একাধিকবার ওঠানামা করেছে। যেমন: ১৯৯৫-৯৬ অর্থবছরে প্রথমবারের মতো জাপানে বাংলাদেশের রপ্তানি ১০ কোটি ডলার অতিক্রম করে। সেই বছর বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ২৫ কোটি ৬৮ লাখ ডলার। এতে ঘাটতি দাঁড়ায় ১৫ কোটি ডলারের কিছু বেশি।কিন্তু ১৯৯৮-৯৯ অর্থবছরে রপ্তানি আয় আবার ১০ কোটি ডলারের নিচে নেমে যায়, কিন্তু তা নয় কোটি ডলারের ওপরেই ছিল। ১৯৯৯-২০০০ এবং ২০০১-০২ অর্থবছরেও এ অবস্থা বজায় থাকে। এরপর থেকে অবশ্য রপ্তানি ক্রমশ ঊর্ধ্বমুখীই হচ্ছে। পাশাপাশি জাপান থেকে বাংলাদেশের আমদানিও ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ প্রধানত জাপান থেকে যানবাহন ও পরিবহণসামগ্রী, ধাতব পদার্থ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিকসামগ্রী, বস্ত্রসামগ্রী ইত্যাদি পণ্য আমদানি করে থাকে। তবে জাপানে বাংলাদেশি পণ্যের বাজার আরও বাড়ানোর সুযোগ আছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় প্রচেষ্টাও জরুরি।যেমন: সম্প্রতি বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) জাপানে বাংলাদেশি নিট পোশাকের রপ্তানি বাড়ানোর জন্য নানামুখী তৎপরতায় চালায়। এর ফলে দেশটিতে নিট পোশাকের রপ্তানি বাড়তে শুরু করেছে।রাশিয়া ও বেলজিয়াম সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই সফরের সময় জাপান সরকারের সঙ্গে আলোচনায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও স্থান পাবে। এ ছাড়া জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়েও আগ্রহী বলে গত সপ্তাহে এক মতবিনিময় সভায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামুতসো শিনোতসুকা। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোয় (ইপিজেড) ১৭ কোটি ডলারের বেশি জাপানি বিনিয়োগ রয়েছে। তবে গ্যাস-বিদ্যুৎ তথা জ্বালানিসংকট এবং বন্দর সমস্যা বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে অন্তরায় বলেও মনে করেন জাপানি রাষ্ট্রদূত।দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর জন্য জাপানের রাষ্ট্রদূত তৈরি পোশাক ছাড়া আরও দু-তিনটি রপ্তানিমুখী খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে সেগুলোকে সহযোগিতা দেওয়ার পরামর্শ দেন।এদিকে গত সপ্তাহে জাপানের সাংসদ ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকিরা ইশির নেতৃত্বে ৩০ সদস্যের একটি জাপানি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে গেছে। এতে জাপানের সাংসদ ইয়োশিহিকো ওয়াতানাবে, কাজুমি ইয়ানাগিতা ও কৈশি মুকায়ামা ছিলেন।এই প্রতিনিধিদল বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেছে।ব্যবসায়ী প্রতিনিধিদল জাপানেএদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ৩৫ সদস্যবিশিষ্ট এক উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল শনিবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে এ ব্যবসায়ী প্রতিনিধিদলে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা রয়েছেন।সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদল জাপান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) আয়োজনে ‘বাংলাদেশ বিজনেস’ শীর্ষক সেমিনারে যোগদান করবে। সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে ভাষণ দেবেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদল ১৬তম জাপান-বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর কমার্শিয়াল এবং ইকোনমিক কো-অপারেশনের সভায় অংশ নেবে।