জাপানের অর্থনৈতিক উন্নয়নে ধীর গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে ত্রৈমাসিক হিসাব অনুযায়ী জাপানের অর্থনৈতিক উন্নয়নের ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, জাপানের দেশজ প্রবৃদ্ধি বেড়েছে মোট শূন্য দশমিক এক শতাংশ। যা প্রত্যাশার চেয়ে অনেক কম। খবর বিবিসি অনলাইনের।অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ইয়েনের মূল্য বাড়ায় রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বিশ্ব অর্থনীতিতে জাপানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মানি ও যুক্তরাষ্ট্রের গড় দেশজ প্রবৃদ্ধির হার একই সময়ে জাপানের চেয়ে অনেকটাই বেশি। এ সময়ে জার্মানির দেশজ প্রবৃদ্ধির হার দুই দশমিক দুই শতাংশ ও যুক্তরাষ্ট্রের দুই দশমিক চার শতাংশ। বিশ্বের সম্পদশালী ও উন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম হলেও গত কয়েক বছরে দেশটির অর্থনীতির চিত্রে স্পষ্ট বিপরীতমুখী প্রবণতা দেখা যাচ্ছে।সবচেয়ে চমকপ্রদ চিত্র দেখা গেছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে ২৬১ শতাংশ, জাপানের সেখানে মাত্র পাঁচ শতাংশ।বিবিসি জানিয়েছে, এ সময়ে ইয়েনের মূল্য বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যে জাপানের পণ্য প্রতিযোগিতা হারিয়ে ফেলছে। এ কারণে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা যথেষ্ট প্রভাব ফেলেছে। ইয়েনের মূল্য বৃদ্ধিই মূলত জাপানকে অন্য উন্নত দেশগুলোর তুলনায় অর্থনীতিতে পিছিয়ে দিচ্ছে।এদিকে জাপানে ইতিমধ্যেই ইয়েনের মূল্য কমানোর আলাপ-আলোচনা বেশ জোরের সঙ্গেই শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞই জাপান সরকারকে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ইয়েনের মান নিচে রাখতে পরামর্শ দিয়েছেন।জাপানের মোট দেশজ প্রবৃদ্ধির এই চিত্রে অনেকেই মনে করেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন খুব দ্রুতই জাপানকে ছাড়িয়ে যাবে। জাপানের বিপুল ঋণের বোঝাও দেশটির অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন অনেকেই।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে চীন দ্রুত জাপানকে ছাড়িয়ে যাবে এমন আশার বিশ্বাসযোগ্যতা আরও জোরদার করে জিডিপির এ চিত্র। এ বিষয়টি ২০১১ সালে শুরুতে আরও পরিষ্কার হবে। প্রত্যেক দেশের কাছে ২০১০ সালের জিডিপির চিত্র পাওয়া যাবে। জাপানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই তিন ট্রিলিয়ন ইয়েন কম সুদে ঋণ প্রদানের একটি পরিকল্পনা হাতে নিয়েছে।