ইউরোপের নতুন বাজার ধরতে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় জেএফডব্লিউ ইন্টারন্যাশনাল ফ্যাশন ফেয়ার (আইএফএফ)-২০১২-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। ২৫ থেকে ২৭ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে।বিকেএমইএ মূলত টোকিওর এই আন্তর্জাতিক মেলায় বৃহত্তর পরিসরে অংশগ্রহণকেই তাদের ষষ্ঠ ‘নিট এক্সপোজিশন’ হিসেবে উপস্থাপন করছে। টোকিওর বিগসাইটের ওয়েস্ট এক্সিবিশন হলে অনুষ্ঠেয় এই নিট মেলার পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। এতে বাংলাদেশের ৩২টি স্টল থাকবে। মেলায় ১২৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, সহসভাপতি মনসুর আহমেদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হাতেম।সংবাদ সম্মেলনে সেলিম ওসমান বলেন, ‘ইচ্ছা করলে দেশেই ধুমধাম করে মেলার আয়োজন করতে পারতাম। কিন্তু দেশের মেলায় বিদেশি ক্রেতারা খুব একটা আসেন না। তাই এবার দেশের বাইরে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এই মেলা তো টোকিওর আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে করা হচ্ছে, তাহলে এটাকে নিট এক্সপো বলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সেলিম ওসমান বলেন, বিদেশে এককভাবে মেলা আয়োজন করা কষ্টসাধ্য। তাই ফ্যাশন ফেয়ারের সঙ্গে নিট এক্সপো আয়োজন করা হয়েছে।এর আগে গত পাঁচটি নিট এক্সপো বাংলাদেশেই অনুষ্ঠিত হয়। বিকেএমইএর একক আয়োজনে ওই মেলাগুলোয় বিদেশ থেকে ক্রেতারা আসেন।মেলার ব্যয়ভারসংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সেলিম ওসমান বলেন, বিমান, হোটেল, স্টল ও যাতায়াত ভাড়ার জন্য মোটা অঙ্কের টাকা লাগছে। এ জন্য স্পন্সরশিপ ছাড়াও অংশগ্রহণকারী সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে মেলা শেষে টাকা বাঁচলে সদস্যদের ফেরত দেওয়া হবে।উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেই বিকেএমইএর সদস্যদের জাপানের জেএফডব্লিউ-আইএফএফে অংশগ্রহণের বিষয়টি অবহিত করে আগ্রহীদের সাড়ে তিন লাখ টাকা করে নিবন্ধন ফি জমা দেওয়ার জন্য বলা হয়।সেলিম ওসমান বলেন, বিশ্ব অর্থনীতির মন্দার এই সময়ে কয়েক মাস ধরে নিট খাতের রপ্তানি প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। এখন নতুন বাজার সৃষ্টি খুবই প্রয়োজন। এ ক্ষেত্রে টোকিওর মেলাটি বিশেষ ভূমিকা রাখবে।দেশের বাইরে নিট এক্সপো সফল হলে ভারত, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় এ ধরনের মেলা আয়োজন করা হবে জানান সভাপতি। সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জাপান সরকার বাংলাদেশি নিট পণ্য রপ্তানির জন্য জিএসপিসুবিধা শিথিল করে দুই স্তরে রূপান্তর করেছে। এ ছাড়া জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম নিট পণ্য আমদানিকারক দেশ, যা পৃথিবীর মোট আমদানির ৫ দশমিক ১৪ শতাংশ। এবারের মেলার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে জাপানে ৭৫ কোটি ডলার নিট পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ হাতেম।