জাপানের চার কোম্পানি ৫৩ লাখ গাড়ি প্রত্যাহার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে হোন্ডার একটি সংযোজন কারখানায় অ্যাকর্ড মডেলের গাড়ি পরীক্ষা করে দেখছেন একজন কর্মী । ছবি: এএফপি
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে হোন্ডার একটি সংযোজন কারখানায় অ্যাকর্ড মডেলের গাড়ি পরীক্ষা করে দেখছেন একজন কর্মী । ছবি: এএফপি

এয়ারব্যাগে ত্রুটির কারণে জাপানের চারটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বৈশ্বিক বাজার থেকে ৫২ লাখ ৪৮ হাজার মোটরগাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিশ্বখ্যাত এসব কোম্পানি হলো টয়োটা, হোন্ডা, নিশান ও মাজদা।
কোম্পানিগুলোর কয়েকটি মডেলের গাড়িতে ব্যাপক হারে এয়ার ব্যাগের ত্রুটি ধরা পড়েছে। এতে যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ে আহত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সে জন্য কোম্পানিগুলো সারা বিশ্ব থেকে তাদের ত্রুটিপূর্ণ গাড়ি তুলে নিচ্ছে।
এদিকে বাংলাদেশেও জাপানের এই তিন কোম্পানির বাজার থাকলেও এখানে কোনো ত্রুটি ধরা পড়েছে কি না বা পড়লেও গাড়ি প্রত্যাহার করা হচ্ছে কি না, তা এখনো জানা যায়নি।
হোন্ডা, নিশান ও মাজদা কোম্পানির গাড়িগুলোতে যে এয়ারব্যাগ থাকে তা সরবরাহ করে জাপানেরই গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকাতা।
বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি প্রস্তুতকারক টয়োটা কোম্পানি বৈশ্বিক বাজার থেকে ২৩ লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয় গত ১১ জুন। আর জার্মানির বিএমডব্লিউও গত বছরের এপ্রিল ও মে মাসে তাকাতা এয়ার ব্যাগে ত্রুটির কারণে বিভিন্ন দেশ থেকে মোট ৩৬ লাখ গাড়ি তুলে নেয়।
তাকাতার এয়ারব্যাগে এভাবে ব্যাপক হারে ত্রুটি ধরা পড়ায় অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। সে জন্য যুক্তরাষ্ট্র ও জাপানের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাও তদন্ত করছে।
গতকাল সোমবার হোন্ডা মোটর কোম্পানি সারা বিশ্ব থেকে ফিট, অ্যাকর্ড, এলিমেন্ট ও সিআর-ভিসহ ১৩টি মডেলের ২০ লাখ ৩৩ হাজার গাড়ি তুলে নেওয়ার ঘোষণাটি দেয়।
নিশান মোটর করপোরেশন বলেছে, তারা সাত লাখ ৫৫ হাজার গাড়ি তুলে নেবে। তারা যেসব মডেলের গাড়ি তুলে নেবে সেগুলো হচ্ছে কিউব, এক্স-ট্রেইল ও ইনফিনিটি।
আর মাজদা মোটর করপোরেশন বিশ্ববাজার থেকে এক লাখ ৬০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তারা যেসব মডেলের গাড়ি প্রত্যাহার করবে সেগুলো হচ্ছে—অ্যাটেঞ্জা ও আরএক্স-৮ হিসাকো, উয়েনো।
তাকাতা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা মনে করে যে এয়ারব্যাগে ময়েশ্চার বা আর্দ্রতার কারণেই ত্রুটি দেখা দিয়ে থাকতে পারে। গত সপ্তাহে কোম্পানিটি বলেছিল, ‘আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে অনুযায়ী আমাদের পণ্যের কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণে জোর দেব। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে সে জন্য আমরা ত্রুটিমুক্ত এয়ারব্যাগ তৈরি করব।’
সূত্র: এএফপি ও নিউইয়র্ক টাইমস।