জাপানের তিন হাজার সেট স্মারক মুদ্রা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান তিন হাজার সেট স্মারক মুদ্রা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ ব্যাংককে দিয়েছে। জাপানে প্রচলিত বিভিন্ন মূল্যমানের ছয়টি ধাতব মুদ্রার সঙ্গে বাংলাদেশি দুই টাকা মূল্যমানের একটি ধাতব মুদ্রা একত্রে প্রতিটি সেট তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থাপিত টাকা জাদুঘর থেকে মুদ্রা সংগ্রহকারীরা এই স্মারক মুদ্রা কিনতে পারবেন। তবে এখনই এর বিক্রয়মূল্য ঠিক করা হয়নি।
জাপানের এ স্মারক মুদ্রা উপহার উপলক্ষে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় জাপানি রাষ্ট্রদূত শিরো সাধোশিমা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের হাতে স্মারক মুদ্রার সেটগুলো তুলে দেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, জাপান মিন্টের পরিচালক কাজুয়া ইজুমিসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাপানের মুদ্রা তৈরিকারী প্রতিষ্ঠান ‘জাপান মিন্ট’ বাংলাদেশের জন্য ৫০ কোটি পিস দুই টাকার ধাতব মুদ্রা তৈরি করেছে। নিজের মুদ্রা ছাড়া জাপান এই প্রথমবারের মতো অন্য দেশের জাপান মিন্টের মুদ্রা মুদ্রণ করেছে।
উপহার দেওয়া প্রতিটি সেটে জাপানে প্রচলিত ৫০০, ১০০, ৫০, ১০, ৫ ও ১ মূল্যমানের মোট ৬৬৬ ইয়েনের ও বাংলাদেশের দুই টাকার একটি করে ধাতব মুদ্রা রয়েছে।