জাপানের বাজারে দ্রুত পণ্য রপ্তানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইলেকট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে জাপানি পণ্য ক্রেতাদের প্রথম পছন্দ। আর সেই জাপানেই এখন বাংলাদেশের তৈরি বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য রপ্তানি হচ্ছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গেল ২০১২-১৩ অর্থবছরে এ দেশ থেকে জাপানে দুই কোটি ৬১ লাখ ডলারের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য রপ্তানি হয়েছে।শুধু ইলেকট্রনিক পণ্যই নয়, জাপানে সার্বিকভাবে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। ইপিবি বলছে, গত অর্থবছরে বাংলাদেশ থেকে জাপানে মোট ৭৫ কোটি দুই লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬০ কোটি ডলারের পণ্য।ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় দেশ জাপান। দেশটি এত দিন চীন থেকে তৈরি পোশাক আমদানি করত। কিন্তু চীনে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় জাপান এখন পোশাক আমদানির জন্য তৃতীয় একটি দেশও খুঁজছে। আর উৎপাদন ব্যয় কম হওয়ায় বাংলাদেশ থেকে বেশি পোশাক আমদানির চিন্তা করছে তারা।ইপিবির তথ্য অনুযায়ী, ২০০১-০২ অর্থবছরে যেখানে জাপানে পণ্য রপ্তানি হয়েছিল নয় কোটি ৬১ লাখ ডলারের, সেখানে ২০১১-১২ অর্থবছরে রপ্তানি হয়েছে ৬০ কোটি ডলারের পণ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মতো জাপানেও বেশি রপ্তানি হয় তৈরি পোশাক। চীনের পোশাক উৎপাদনের ব্যয় বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন আর দীর্ঘ অর্থনৈতিক মন্দায় চীনের পোশাক ছেড়ে কম দামের পণ্যের দিকে ঝুঁকছেন জাপানের ক্রেতারা। এতে তৈরি পোশাকসহ বাংলাদেশি বেশ কিছু পণ্যের চাহিদা বেড়েছে।জাপানে পোশাক রপ্তানির ক্ষেত্রে আগে বাংলাদেশের জন্য উৎপাদনের তিনটি পর্যায়ে মূল্য সংযোজন করার শর্ত ছিল। এ পর্যায়গুলো হলো, তুলা আমদানি করে সুতা তৈরি, সুতা থেকে কাপড় তৈরি এবং কাপড় থেকে তৈরি পোশাক। তবে ২০১০ সালের সেপ্টেম্বরের পর থেকে দুটি পর্যায়ে মূল্য সংযোজন হলেই (সুতা আমদানি করে কাপড় এবং কাপড় থেকে তৈরি পোশাক) জাপান বাংলাদেশ থেকে পোশাক কিনছে। জাপানে বাংলাদেশের পোশাকের রপ্তানি বাড়ার একটি বড় কারণ হলো এটি।মূল্য সংযোজন তিন পর্যায় থেকে দুই পর্যায়ে নামিয়ে আনার শর্ত পরিবর্তন করার প্রক্রিয়ায় জোরালো ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) তৎকালীন সভাপতি ফজলুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালের এপ্রিল-মে মাসের দিকে আমরা জাপান সরকারের কাছে এ বিষয়ে চিঠি লিখলে দেশটির শিল্প মন্ত্রণালয় আমাদের সে দেশে আমন্ত্রণ জানায়। আমরা না গিয়ে তাদের একটি জবাব পাঠাই। এর তিন-চার মাস পর দেশের প্রধানমন্ত্রী জাপান সফর করলে দেশটির সরকার আনুষ্ঠানিক ঘোষণাটি দেয়। কারণ, তারাও তখন এ বিষয়টি চাইতে শুরু করেছিল। কারণ, তাদের মাথায় ছিল চায়না প্লাস ওয়ান তত্ত্ব। সে কারণে চীনের বাইরের একটি দেশের পোশাকও তাদের দরকার ছিল।’