জাপানের বাণিজ্য ঘাটতি আগস্টে আরও বেড়েছে
বিভিন্ন দেশের সঙ্গে জাপানের সামগ্রিক বাণিজ্য ঘাটতি বেড়েছে। রপ্তানি কমে যাওয়ায় আগস্ট মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯৬০ কোটি ডলার (৭৫ হাজার ৪১০ কোটি ইয়েন)।যদিও আগের বছরের একই সময়ের চেয়ে এ বছরের বাণিজ্য ঘাটতি কম হয়েছে। ২০১১ সালের আগস্টে দেশটিতে বাণিজ্য ঘাটতি ছিল ৭৭ হাজার ৭৫০ কোটি ইয়েন। খবর এএফপির।জুলাই মাসে জাপানে বাণিজ্য ঘাটতি হয়েছিল ৫১ হাজার ৮৯০ কোটি ইয়েন।জাপানের আরবিএস সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ জানকো নিশিওকা বলেন, ‘বাণিজ্য ঘাটতি যদিও প্রত্যাশিত মাত্রার মধ্যে রয়েছে, তবে তা আগের মাসের তুলনায় বেড়েছে। আর এ ঘাটতি বিশ্বব্যাপী কঠিন অর্থনৈতিক পরিবেশকেই প্রকাশ করছে।’নিশিওকা বলেন, এই তথ্য দুর্বল রপ্তানি ও অধিক পরিমাণে আমদানিকেই প্রতিনিধিত্ব করছে।আগস্টে জাপানের রপ্তানি কমে হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার কোটি ইয়েন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ কম। আর দেশটির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীনের সঙ্গেই রপ্তানি কমেছে ৯ দশমিক ৯ শতাংশ।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, সামনের দিকে এগিয়ে গেলে শক্তিশালী ইয়েনের ঝুঁকি ও বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।