জাপানের বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশসহ কিছু দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জি–৭–এর বৈঠক আজ শুরু, বিশেষ আমন্ত্রণে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈঠক সামনে রেখে পাঁচ বছরে বিশ্বে অবকাঠামো খাতে ১৬ লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

জাপান আগামী পাঁচ বছরে বিশ্বে অবকাঠামো খাতে ২০০ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ পরিকল্পনার মূলে রয়েছে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কিছু দেশ। জি-৭ সম্মেলন সামনে রেখে ২৩ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নতুন এই পরিকল্পনা ঘোষণা করেন। এর নাম দেওয়া হয়েছে ‘মানসম্মত অবকাঠামো সহায়তা সম্প্রসারণ’।

আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার জাপানের ইসে-শিমা দ্বীপে উন্নত দেশগুলোর জোট জি-৭-এর সম্মেলন শুরু হচ্ছে। এতে বাংলাদেশসহ সাতটি দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উন্নত দেশের বাইরের এসব দেশের অংশগ্রহণকে বলা হয়েছে ‘আউটরিচ কর্মসূচি’।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, যেসব দেশে বিনিয়োগ সম্ভাবনা বেশি এবং উন্নতির ধারা অব্যাহত রয়েছে, তাদের কথা শোনার জন্যই এ ব্যবস্থা। জি-৭ সম্মেলন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে সুনির্দিষ্ট বিনিয়োগের ঘোষণা আসতে পারে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, পরিবহনের বাইরে তেল ও গ্যাস খাতের পাশাপাশি হাসপাতাল নির্মাণেও জাপান বিনিয়োগ করবে। সাধারণত বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে জাইকা ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) মুখ্য ভূমিকা পালন করে। নতুন পরিকল্পনায় অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণ বৃদ্ধির কথা বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগের জন্য জাপানি সংস্থাগুলোকে প্রস্তুত করার ওপর জোর দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম ও পাবলিক ডিপ্লোমেসি বিভাগের উপমহাপরিচালক মাসাতো ওটাকা সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের বলেন, সম্মেলনে জাপানের পক্ষ থেকে উচ্চ মানসম্মত অবকাঠামো খাতে বিনিয়োগের ওপর জোর দেওয়া হবে। মানসম্মত অবকাঠামো ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। মানুষের জন্য কোন অবকাঠামো দরকার এবং এর মান কী হওয়া উচিত, সে ব্যাপারে জাপান আগে থেকেই সচেতন। এখন বিশ্বনেতাদের নিয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।
জি-৭ সম্মেলন উপলক্ষে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে মাসাতো ওটাকা প্রথম আলোকে বলেন, জাপান জি-৭-এর সভাপতি দেশ হিসেবে সম্ভাবনাময় কিছু দেশকে আমন্ত্রণ জানানোর সুযোগ নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ তার চাহিদা ও সমস্যা তুলে ধরতে পারবে। সে অনুযায়ী কর্মপরিকল্পনা করা যাবে।
এর আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসা বিভিন্ন দেশের সাংবাদিকদের বিনিয়োগ পরিকল্পনার কথা জানান জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জাইকার বাংলাদেশ ও নেপালের দায়িত্বে থাকা পরিচালক তেকুচি তাকুরা প্রথম আলোকে বলেন, ঢাকায় মেট্রোরেলসহ বর্তমানে বাংলাদেশে জাইকার ৯৪টি প্রকল্প চলমান আছে। এসব প্রকল্পে তাদের বিনিয়োগ প্রায় ৪০ হাজার কোটি টাকা। ভবিষ্যতে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো খাতে বিনিয়োগই তাদের প্রধান আগ্রাধিকার প্রকল্প। তিনি বলেন, ঢাকায় ২০২১ সালের মধ্যে মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। এর আগে ২০১৯ সালের শেষের দিকে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ করে তা চালু করা হবে। একই সময়ে ঢাকায় আরও দুটি মেট্রোরেল নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু করবে জাইকা। ইতিমধ্যে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহন পরিকল্পনা সংশোধন করছে সংস্থাটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মেট্রোরেলের মূল কাজ উদ্বোধন করবেন। প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পে সাড়ে ১৬ হাজার কোটি টাকা দিচ্ছে জাইকা।
তাকেচু তাকুরা বলেন, ঢাকার গণপরিবহনের উন্নয়নে তাঁরা সব ধরনের গণপরিবহনে ই-টিকেটিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছেন।
জাইকার কর্মকর্তারা বলেন, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ-বি পরিকল্পনাও আছে জাপানের। এরই অংশ হিসেবে মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ও অন্য দেশের বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো নির্মাণেও ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।