জাপানের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর প্রথম কার্যদিবসে গতকাল সোমবার জাপানের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি-২২৫ মূল্যসূচক গতকাল দিন শেষে নেমে এসেছে নয় হাজার ৬২০ দশমিক ৪৯ পয়েন্টে। আগের কার্যদিবস শুক্রবারে দিন শেষে নিক্কির মূল্যসূচক ছিল ১০ হাজার ২৫৪ দশমিক ৪৩ পয়েন্ট।নিক্কি সূচকের ৬ দশমিক ১৮ শতাংশ হারে পতন বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট আতঙ্কে প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।অবশ্য দিনের শুরুতে লেনদেনে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। কেননা, শেয়ার বিক্রেতারা অনেকেই কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে দিন শেষে ৪৮৮ কোটি শেয়ার লেনদেন সম্পন্ন হয়েছে।শুক্রবার সংঘটিত ভূমিকম্পের ভয়াবহতায় জাপানের বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠান উৎপাদন-কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে সোমবার এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যায়।মোটরগাড়ি নির্মাতা নিশানের শেয়ারদর গতকাল সাড়ে ৯ শতাংশ পড়ে যায়। ভূমিকম্পের পর নিশান তার সব কটি কারখানা বন্ধ করে দিয়েছে। জাপানের তৃতীয় বৃহত্তম মোটরগাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান হোন্ডার শেয়ার দরের পতন ঘটেছে ৯ দশমিক ১ শতাংশ হারে।ইলেক্ট্রনিকস ও আণবিক রিঅ্যাক্টর সামগ্রীর নির্মাতা হিসেবে খ্যাত তোশিবার শেয়ার দরের পতন ঘটেছে ১৬ শতাংশ হারে। তোশিবার প্রতিদ্বন্দ্বী হিটাচির শেয়ারদর কমেছে ১৬ শতাংশ। আর টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানির শেয়ারদর ২৪ শতাংশ কমে গেছে।অবশ্য নির্মাণপ্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। ভূমিকম্প-পরবর্তী পুনর্বাসনের কাজে এসব প্রতিষ্ঠান সক্রিয় হবে—এমন প্রত্যাশা এর পেছনে কাজ করেছে।অবশ্য গতকাল এশিয়া ও ইউরোপের অনেকগুলো শেয়ারবাজারেই দরপতন ঘটেছে যার মূলে জাপানের প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করা হচ্ছে।গতকাল জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের ড্যাক্স সূচক ১ দশমিক ৩০ শতাংশ পড়ে গেছে। বিদ্যুৎ ও বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় এই অবস্থা দেখা দেয়। যুক্তরাজ্যের এফটি-১০০ সূচক ও ফ্রান্সের ক্যাক সূচক উভয়ই প্রায় দশমিক ৩০ শতাংশ হারে কমে গেছে।এশিয়ার মধ্যে তাইপে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও সিডনির শেয়ারবাজার যথাক্রমে দশমিক ৫৬ শতাংশ, দশমিক ৪১ শতাংশ, দশমিক ২৭ শতাংশ ও দশমিক ৪০ শতাংশ হারে কমে গেছে। বিপরীতে সাংহাই, সিউল, হংকং ও ব্যাংককের শেয়ারবাজার বেড়েছে যথাক্রমে দশমিক ১৩ শতাংশ, দশমিক ৮০ শতাংশ, দশমিক ৪১ শতাংশ ও ১ দশমিক ৫৭ শতাংশ হারে। অবশ্য ভূমিকম্প-উত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিময়তা ধরে রাখার জন্য জাপানের কেন্দ্রীয় ব্যাংক গতকালই ব্যাংকব্যবস্থায় ১৮ হাজার ৩০০ কোটি ডলার প্রদানের কথা ঘোষণা করেছে। সূত্র: বিবিসি ও এএফপি।