জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসে প্রধানমন্ত্রীর চুক্তি স্বাক্ষরের প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান ব্যাপক বাণিজ্য ঘাটতি হ্রাসে জাপানের সঙ্গে একটি সমন্বিত অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।আজ সোমবার টোকিওতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জাপান-বাংলাদেশ যৌথ কমিটি (জেবিসিসিইসি) কর্তৃক প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরের দাবি রাখে।আমি বিদ্যুৎ, অবকাঠামো, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, টেক্সটাইলের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আপনাদের স্বাগত জানাই।’বাংলাদেশে জাপানের রপ্তানির পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেলেও চলতি অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ৩৩ কোটি ডলার হওয়ায় প্রধানমন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। শেখ হাসিনা বলেন, জাপানের বিনিয়োগকারীরা একটি অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয় সমুদ্রবন্দর, মনোরেল ও পাতালরেলের মতো বিভিন্ন প্রধান স্কিমে বিনিয়োগের বিশেষ সুযোগ নিতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে বৈশ্বিক অর্থনৈতিক-সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলা করা সত্ত্বেও বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত উত্সাহব্যঞ্জক যে জেট্রো (জাপান-এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন) এশিয়ায় জাপানের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম লাভজনক স্থান। বিশ্বের ব্যবসায়ী মহলের ৮৭ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুতের কথা জানান। এ মধ্যাহ্নভোজসভায় জেবিসিসিইসির সভাপতি তোশিহিতো তাম্বা এবং জাপান ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সভাপতি এস এ সামাদ, মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদ এ মধ্যাহ্নভোজসভায় যোগ দেন।প্রধানমন্ত্রী তিনটি দেশ সফরের সর্বশেষ পর্যায়ে এখন জাপান সফর করছেন।—বাসস