জাপানের সুনামিদুর্গত মানুষের জন্য এক কোটি দুই লাখ ২৪ হাজার ৮৯১ টাকার অর্থসহায়তা দিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।সংগঠনটির পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার আনুষ্ঠানিভাবে জাপানের রাষ্ট্রদূত তামৎ সু শিনৎ সুকারের কাছে এই সহায়তার চেক হস্তান্তর করেন।সুনামিদুর্গত মানুষের সহায়তার জন্য বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান রবির উদ্যোগে ‘বন্ধুর পাশে বন্ধু’ স্লোগান নিয়ে অ্যামটাব তহবিল সংগ্রহ শুরু করে। এ জন্য মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে, কনসার্ট আয়োজনসহ বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হয়।অ্যামটাবের এই উদ্যোগে মোট এক কোটি দুই লাখ ২৪ হাজার ৮৯১ টাকা সংগৃহীত হয়। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে রবি।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জাপানকে বন্ধুপ্রতিম রাষ্ট্র উল্লেখ করে বলেন, ‘সুনামিতে জাপানের অনেকেই সর্বস্ব হারিয়েছে। জাপানের চেয়ে আমাদের অর্থনীতি ক্ষুদ্র হলেও তাদের পাশে থাকার চেষ্টা আমাদের জনগণের সহানুভূতির বহিঃপ্রকাশ। আর মুঠোফোন অপারেটরদের এই উদ্যোগও প্রশংসনীয়।’বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামৎ সু শিনৎ সুকার বলেন, ‘জাপানের দুর্দিনে বাংলাদেশের মানুষ যে সহানুভূতি দেখিয়েছেন, তা আমাদের জনগণ মনে রাখবে।’বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘জাপানের মানুষের প্রতি ভালোবাসা ও পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসার দাবিদার। আশা করি, জাপান আমাদের দুর্দিনে সব সময় ছাতার মতো ছিল, আছে ও থাকবে।’চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস, অ্যামটবের প্রতিনিধি ডেভিড লি ও রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার।রবি সূত্র জানায়, সুনামিদুর্গত মানুষের জন্য চ্যারিটি কনসার্ট থেকে ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা, রবির কর্মকর্তারা ১৪ লাখ ৫৪ হাজার ৩২৪ টাকা, অংশীদারদের কাছ থেকে ৫৪ লাখ ৫৭ হাজার ৭৩১ টাকা এবং মুঠোফোন অপারেটরদের জাতীয় খুদে বার্তা ক্যাম্পেইন থেকে ১৪ লাখ ১৬ হাজার ৩৩৬ টাকা সংগ্রহ করা হয়।