জাপানের সেকাই ল্যাবের কার্যক্রম বাংলাদেশে শুরু

বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে জাপান ভিত্তিক সফটওয়্যার কোম্পানি ‘সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেড’।
এ জন্য আজ সোমবার ঢাকায় বনানীতে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দেশে কার্যক্রম শুরুর নানা দিক তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোকী ইনাগাওয়া ও প্রধান জনসংযোগ কর্মকর্তা ইকুমি শিবা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে জাপানে এটি কার্যক্রম শুরু করে। চলতি বছরের ১ জুলাই থেকে বাংলাদেশে সেকাই ল্যাব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৩০০ ডেভেলপার টিম আছে, যারা সফটওয়্যার সেবা দেওয়ার কাজ করছে। বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও জাপানে তাদের নিজস্ব দল আছে যারা ক্লাইন্টদের সফটওয়্যার সেবা দিয়ে থাকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ দিন দিন আইটি সেবা নির্ভর দেশ হয়ে উঠছে। এ দেশে এখন নানা ধরনের কার্যক্রম সফটওয়্যার এর সাহায্য নেওয়া হচ্ছে। এ দেশে মাত্র অল্প কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান আছে যারা সফটওয়্যার সার্ভিস দিয়ে আসছে। এ দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে মান সম্পন্ন আইটি সার্ভিস আরও উন্নত হওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে থেকে দীর্ঘ মেয়াদি ও টেকসই সেবা প্রদান করতে পারবে বলে আশা প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেড’—এর মাধ্যমে প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়। তাঁদের রয়েছে অভিজ্ঞ ও পেশাদার সফটওয়্যার ডেভেলপার। বাংলাদেশে কর্মসংস্থান বাড়ানোরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ১০০ জন তরুণ মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ২০১৭ সালের মধ্যে মোট ১ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে।