ভরা মৌসুমেও সিলেটের অন্যতম পর্যটন এলাকা জাফলং এখন পর্যটকশূন্য। অতীতে ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার পর্যটক জাফলংয়ে বেড়াতে এলেও এবার তা দেখা যাচ্ছে না।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং নিরাপত্তার অভাবে পর্যটকেরা এখন এখানে আসছেন না।
এতে জাফলংয়ের পর্যটনশিল্পকে কেন্দ্র করে গড়ে বিভিন্ন ব্যবসা সংকটে পড়েছে।
সরেজমিনে জাফলংয়ে কোনো পর্যটক দেখা যায়নি। এ কারণে বেচাবিক্রি নেই বলে জানান ব্যবসায়ীরা।
পাথর খোদাই করে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরির কাজে নিয়োজিত নাজিম উদ্দিন ও বিল্লাল হোসেন জানান, পর্যটক না আসায় গত তিন মাসে তাঁদের তিন হাজার টাকাও আয় হয়নি।
তাঁদের মতো শতাধিক পাথর খোদাইয়ের কারিগর এখন বেকার হয়ে আছেন বলে জানা গেছে।
জাফলং পিকনিক সেন্টারের প্রসাধনী ব্যবসায়ীরাও একেবারেই হতাশ।
মোহনা কসমেটিকসের পরিচালক মোস্তফা মিয়া বলেন, এভাবে আরও কিছুদিন চললে ব্যবসা বদলাতে হবে।
রেস্তোরাঁ ব্যবসায়ী শফিক মিয়া বলেন, ‘পর্যটকদের আগমনের ওপর নির্ভর করেই মূলত আমাদের রেস্টুরেন্ট ব্যবসা চলে।
কিন্তু চলতি মৌসুমে এমনকি ছুটির দিনেও কাস্টমার পাওয়া যায় না। ফলে রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার অবস্থা।’
পিয়াইন নদীর মাঝি কুটন দাস জানান, এই নদীতে পর্যটকদের ঘুরিয়ে যা পাওয়া যেত, তা দিয়েই সংসার চালাতেন।
এখন পর্যটক না থাকায় তিনি পাথর আনা-নেওয়া করছেন। কিন্তু এতে যে আয় হয়, তা দিয়ে পেট চলে না।
স্থানীয় সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ ও সাধারণ সম্পাদক রমজান সাদাফ বলেন, দেশের অবস্থা খারাপ। তাই এখানকার ব্যবসায়ীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।