জামদানি শাড়ির প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার সায়েন্স সিটি ময়দানে আজ শুক্রবার শুরু হওয়া ১৪তম ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’-এ দর্শনার্থীদের ভিড়। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার সায়েন্স সিটি ময়দানে আজ শুক্রবার শুরু হওয়া ১৪তম ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’-এ দর্শনার্থীদের ভিড়। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হয়েছে ১৪ তম শিল্পমেলা ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’। আজ শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ৮৬টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ির প্রতিষ্ঠানই বেশি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ভারতে জামদানি শাড়ির বাজার আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জামদানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শাড়ি। বিশ্বব্যাপী আজ সমাদৃত এই শাড়ি। ইতিমধ্যে এটি পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বাজার পেয়েছে এবং সুনামও অর্জন করেছে।

কলকাতার সায়েন্স সিটি ময়দানে শিল্পমেলা ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’-এ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখছেন বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবি: ভাস্কর মুখার্জি

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নের উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ ছাড়াও কলকাতার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্যিক) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে ঢাকাই জামদানির বাজার তৈরি করা এবং এই শাড়িকে গোটা ভারতবর্ষে পরিচিত করা।’
যৌথভাবে এ মেলার আয়োজন করেছে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জিএস অ্যাসোসিয়েটস। ১০ দিনের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।