জামানত ছাড়া ঋণ পাবেন দুগ্ধ খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামানত দেওয়ার বাধ্যবাধকতা থাকায় ৫ শতাংশ সুদেও ঋণ নিচ্ছেন না দুগ্ধ খামারিরা। এ কারণে দুগ্ধ খামারিদের জামানতবিহীন ঋণ দেওয়ার বিধান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বিশেষ একটি পুনঃ অর্থায়ন কর্মসূচি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়।

জানা গেছে, গত বছরের ২ জুন দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃ অর্থায়ন স্কিম পরিচালনার নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ। ওই নীতিমালার ৮(খ) অনুচ্ছেদ সংশোধন করে গতকাল পরিপত্র জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিটি বকনা বাছুর ক্রয়ের জন্য ৪০ হাজার টাকা এবং রক্ষণাবেক্ষণ বা লালন-পালনের জন্য ১০ হাজার টাকা তথা প্রতিটি বকনা বাছুরের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া যাবে। এক উদ্যোক্তাকে সর্বোচ্চ চারটি বকনা বাছুর ক্রয়ের জন্য দুই লাখ টাকা ঋণ প্রদান করতে পারবে ব্যাংকগুলো।