নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া সহজ করতে জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেও এ সুযোগ ছিল, তবে সে ক্ষেত্রে গ্রুপ বা সামাজিক জামানতের বিষয়টি বিবেচনায় নেওয়ার নির্দেশনা ছিল।
এ ছাড়া কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব অর্থায়নই হবে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায়। এসব ঋণে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ বলেন, ৯ শতাংশ সুদে ঋণ নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া আরও সহজ করবে। রাজধানীর ব্যাংকগুলো উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে, তবে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না।
সেলিমা আহমাদ বলেন, এখন সময় এসেছে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর। এ জন্য সব পক্ষকে এগিয়ে আসতে হবে। কীভাবে ঋণ পাওয়া যায়, কীভাবে ব্যবসা শুরু করতে হয়, এসব প্রশিক্ষণ দিতে হবে।
বিডব্লিউসিসিআইয়ের পক্ষ থেকে ৯০০ নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জানিয়ে সেলিমা আহমাদ বলেন, তাঁদের ৭০০ জনই ব্যাংকঋণ পেয়েছেন, ব্যবসা করছেন। এ জন্য দক্ষতা বৃদ্ধিকেই এখন গুরুত্ব দিতে হবে।