সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জ্বালানি তেল পরিবেশক সমিতি গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। সুরমা নদী থেকে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বার্জ ডিপো অপসারণ এবং একই স্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদিত যমুনা অয়েল কোম্পানির স্থায়ী ডিপো স্থাপনের দাবিতে তারা এ কাজ করে।তেল পরিবেশক সমিতির নেতারা অভিযোগ করেন, সুরমা নদীতে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বুড়িগঙ্গা ফ্লোটিং পাম্পের বার্জ ডিপো অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যমুনা ডিপো থেকে তেল উত্তোলনকারী স্থানীয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে অর্থমন্ত্রী, স্থানীয় সাংসদ, জ্বালানি সচিব ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বৈঠকও করা হয়েছে। কিন্তু অবৈধ বার্জ ডিপো অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।এদিকে পরিবেশক সমিতি জ্বালানি তেল উত্তোলন ও বিক্রি বন্ধের ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা পড়েছেন বিপাকে। কারণ হাওরাঞ্চলের ধরমপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলায় জামালগঞ্জ থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব এলাকার খুচরা তেল বিক্রেতরাও জামালগঞ্জের যমুনা অয়েল কোম্পানির অস্থায়ী ডিপো থেকে তেল কিনে থাকেন। উপজেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা তেল উত্তোলন ও বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’যমুনা অয়েল কোম্পানির জামালগঞ্জ ডিপোর ইনচার্জ মীর মো. ফখরুজ্জামান বলেন, ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে তেল সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন ডিলারদের মাধ্যমে এই ডিপো থেকে এক লাখ ২৫ হাজার লিটার কোরোসিন ও ডিজেল সরবরাহ করা হতো।জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হাওর এলাকার কৃষকেরা চলতি বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত হবেন।