সাভারে চামড়া শিল্পনগরে জায়গা বরাদ্দ না পাওয়ায় আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে কয়েকটি সংগঠন, যার মধ্যে ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতিও রয়েছে।
‘চামড়াশিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি’ নামের নয়টি সংগঠনের এই জোট শিল্পনগরে তাদের জন্য জায়গা বরাদ্দ দিতে সরকারকে এক মাস সময় দিয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তাঁরা কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এমন হুমকিই দিয়েছেন সমন্বয় কমিটির নেতারা।
এই নয় সংগঠনের মধ্যে আছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি, বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চামড়া রপ্তানিকারক সমিতি, স্পিলিট চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি এবং ট্যানারি প্রকৌশলী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ দাবি করেন, লেদারগুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনকে ৮০ হাজার বর্গফুট, কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে ৪০ হাজার বর্গফুট, চামড়া রপ্তানিকারক সমিতিকে ৮০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দিয়েও তা অজানা কারণে বাতিল করা হয়।
সমন্বয় কমিটি বলেছে, তাদের সবগুলো সংগঠনকে ঠাঁই দিতে পাঁচ একর জমি প্রয়োজন। তবে এখনই জরুরিভিত্তিতে ৫০ বিঘা জমি বরাদ্দ দেওয়ার দাবি তাদের।