জার্মান চেম্বারের সঙ্গে ডিএসইর সমঝোতা চুক্তি
আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের লক্ষ্যে পরামর্শক নিয়োগের জন্য বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। আজ বুধবার দুপুরে ডিএসইর সম্মেলনকক্ষে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।পরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ডিএসইর সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করলাম, এর মধ্য দিয়ে ডিএসই এত দিন যে লোকাল একটা ধারণায় ছিল, ধীরে ধীরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সদস্য হতে যাচ্ছে। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে এবং রেটিংয়েরও ব্যাপার রয়ে গেছে। আর এই রেটিংয়ের জন্য একটা স্বাধীন গবেষণা প্রতিবেদনেরও প্রয়োজন রয়েছে। এর জন্য ডিএসই বিশ্বের শীর্ষ পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেনজিকে পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এর আগে বাংলাদেশের শেয়ারবাজারে আন্তর্জাতিক প্রবেশ ছিল না। কিছুটা সময় লাগলেও ক্রেডিট রেটিং শুরু হলে যাবতীয় শর্ত ডিএসই পূরণ করতে পারলে দুই পক্ষই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সেই ক্রেডিট রেটিংয়ে আমরা কার্যকর হব এবং ডিএসই জার্মান স্টক এক্সচেঞ্জের সঙ্গে সম্পৃক্ত হবে।’সাইফুল বলেন, ২০১০ সালে বর্তমান সরকার দেশে একটি ‘স্পেশাল ইকনোমিক জোন’ তোলার পদক্ষেপ নেয় কিন্তু এর কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এ জন্য জার্মান কোম্পানিগুলো এ দেশে বিনিয়োগে আগ্রহী হলেও তারা বিনিয়োগে যেতে পারছে না। তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে এটি গড়ে তোলা সম্ভব হলে জার্মানির কমপক্ষে ১২টি কোম্পানি এ দেশে বিনিয়োগ করবে। বৃহত্ মূলধনের এসব কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহী।এ ব্যাপারে ডিএসইর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, ‘জার্মান চেম্বারের সঙ্গে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে। তাই এটা আমাদের জন্য একটি বড় সুযোগ।’শাকিল রিজভী বলেন, ‘আমরা ম্যাকেনজির কাছ থেকে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পর্কে পরামর্শ গ্রহণ করব। কারণ বিশ্বে তারা মার্কেট ক্যাপাসিটি বিল্ডিংয়ে সহায়তা করে থাকে।’চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলামসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।