গত ২০১০-১১ অর্থবছরে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে জার্মানিতে, যার পরিমাণ ৩৪৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। জার্মানিতে এই রপ্তানি গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের ১৫ শতাংশ। খবর ইউএনবির।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছরে জার্মানিতে রপ্তানিকৃত পণ্যের মধ্যে নিটওয়্যার থেকে ২০২ কোটি ২০ লাখ, ওভেন পোশাক থেকে ১১০ কোটি ৮৯ লাখ ও হিমায়িত খাদ্য রপ্তানি করে আয় হয়েছে চার কোটি ২০ লাখ ডলার।গত অর্থবছরে যুক্তরাজ্যে ২০৬ কোটি ৫৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৯ শতাংশ। গত অর্থবছরে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ১৭৫ কোটি ৯৮ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। ২০০৯-১০ অর্থবছরে দেশটি থেকে এই পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ১২৬ কোটি ডলার। সেই হিসাবে গত অর্থবছর এই খাতে রপ্তানি বেড়েছে ৩৯ দশমিক ৬৭ শতাংশ। আলোচিত সময়ে যুক্তরাজ্যে হোম টেক্সটাইল সাত কোটি ৮৫ লাখ, হিমায়িত চিংড়ি ছয় কোটি ৩৬ লাখ ও বাইসাইকেল রপ্তানি করে ছয় কোটি ৬১ লাখ ডলার আয় হয়েছে।এ ছাড়া একই সময়ে পণ্য রপ্তানি করে ফ্রান্স থেকে ১৫৩ কোটি ৭৯ লাখ ডলার আয় হয়েছে। এটি দেশের মোট রপ্তানি আয়ের ৬ দশমিক ৭১ শতাংশ।ইপিবির তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে ফ্রান্সে থেকে তৈরি পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১৪০ কোটি ৫৬ লাখ ডলার। ২০০৯-১০ অর্থবছরে এই পরিমাণ ছিল ৯৫ কোটি ২৯ লাখ ডলার। সেই হিসাবে গত বছর দেশটি থেকে এই খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৪৭ দশমিক ৫২ শতাংশ।অন্যদিকে ইতালি থেকে রপ্তানি আয় হয়েছে ৮৬ কোটি ৬৪ লাখ ডলার। এর মধ্যে নিটওয়্যার ৫২ কোটি ৫১ লাখ, ওভেন পোশাক ২৩ কোটি ৬৭ লাখ ও চামড়া রপ্তানি করে তিন কোটি ৮৬ লাখ ডলার আয় হয়েছে। একই সময়ে বেলজিয়াম থেকে আয় হয়েছে ৬৬ কোটি ৬২ লাখ ডলার। এর মধ্যে নিটওয়্যার ২৯ কোটি ৯৭ লাখ, ওভেন পোশাক ১৬ কোটি ২৯ লাখ, হিমায়িত চিংড়ি ১২ কোটি ৮৪ লাখ, পাটের সুতা রপ্তানি করে আয় হয় দুই কোটি ৯৯ লাখ ডলার।