জার্মানিতে প্রশিক্ষণ নিতে গেলেন চার পোশাককর্মী

নারায়ণগঞ্জ থেকে চারজন শ্রমিক ২৮ দিনের এক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে সম্প্রতি জার্মানির বন শহরে গেছেন। শ্রমিকেরা হলেন ডালিয়া আক্তার, তাসলিমা, শাপলা বানু ও নিয়াজ আহম্মেদ মিনহাজ। তাঁরা স্থানীয় রপ্তানিমুখী নিট পোশাক উৎপাদনকারী কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডে কাজ করেন।
নারায়ণগঞ্জের কোনো পোশাকশিল্প কারখানার শ্রমিক এই প্রথম ইউরোপে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ বিষয়ে এক সামাজিক সংলাপ কর্মসূচির আওতায় এসব শ্রমিককে জার্মানি পাঠানো হয়েছে। বাংলাদেশের পোশাকশিল্প খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জার্মান সরকার সেই দেশের আন্তর্জাতিক সংস্থা জিআইজেড এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এই কর্মসূচি নিয়েছে।
কর্মসূচিতে শ্রমিক-কর্মচারীদের দুর্ঘটনাজনিত বিমা, আইএলওর কোর লেবার স্ট্যান্ডার্ড বা শ্রমের মৌলিক মান, পেশাগত স্বাস্থ্যের নিরাপত্তা এবং ঝুঁকি বিশ্লেষণ, ট্রেড ইউনিয়ন প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে।