জার্মানির পোশাক ক্রেতা নারায়ণগঞ্জে এলেন হেলিকপ্টারে চড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দুরবস্থা ও যানজটের কারণে আরেকবার হেলিকপ্টারে চেপে নারায়ণগঞ্জে এলেন তৈরি পোশাকশিল্পের ক্রেতারা। জার্মানির খ্যাতনামা পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ট্যালি উইজল লজিস্টিক জার্মানি জিএমবিএইচের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী গ্রুরিং বিট তাঁর সহকারীদের নিয়ে গতকাল সোমবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তাঁরা পঞ্চবটীর বিসিক শিল্পনগরে যান। বিটের সঙ্গে এ সময় ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইভো গ্যাসুল্লা, পরিচালক (সোর্সিং বিভাগ) বার্নাডেট কোকাস ও জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাক্স।জার্মানির এই ক্রেতারা পরে বিসিকে অবস্থিত এমবি নিট ফ্যাশন পরিদর্শন করেন। এমবি নিট ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ হাতেম বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি প্রথম আলোকে জানান, সময় বাঁচাতে বিদেশি এই ক্রেতারা হেলিকপ্টারে চেপে নারায়ণগঞ্জে আসেন। এর আগে গত দুই বছরে নারায়ণগঞ্জের বড় রপ্তানিমুখী পোশাকশিল্পের একাধিক ক্রেতা একাধিকবার হেলিকপ্টারে ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছেন।