ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে জার্মানির প্রতিষ্ঠান ম্যাকেনজি পরামর্শক হিসেবে কাজ করবে।পাশাপাশি এ দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে সহায়তা করবে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। এ জন্য গতকাল বুধবার ডিএসইর সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর সভাপতি শাকিল রিজভী ও বিজিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম ছাড়াও উভয় সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।চুক্তির আওতায় বাংলাদেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করতে কাজ করবে বিজিসিসিআই। সেই সঙ্গে শেয়ারবাজারে জার্মান বিনিয়োগ বাড়ানো এবং কোম্পানি তালিকাভুক্তিতে কাজ করবে বিজিসিসিআই।চুক্তি স্বাক্ষর শেষে বিজিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, এই চুক্তির আওতায় ডিএসই আন্তর্জাতিক একটি আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সদস্য হতে যাচ্ছে। যদিও এ জন্য কিছু শর্ত পূরণ ও আন্তর্জাতিক রেটিংয়ের প্রয়োজন রয়েছে। সে জন্য একটি স্বাধীন গবেষণা প্রতিবেদনও তৈরি করতে হবে।সাইফুল আরও বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে জার্মানির কমপক্ষে ১২টি কোম্পানি এ দেশে বিনিয়োগ করবে। বড় পুঁজির এসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেও আগ্রহী।