জাল টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন আবুল বারকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একাধিক গণমাধ্যমে জাল টাকা নিয়ে প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আবুল বারকাত।সংবাদপত্রে পাঠানো এক লিখিত ব্যাখ্যায় আবুল বারকাত বলেছেন, ৬ ফেব্রুয়ারি জাল নোট-সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন একাধিক গণমাধ্যমের সংবাদে ‘প্রতিদিন পাঁচ হাজার কোটি টাকার জাল টাকা বাজারে ছাড়া হচ্ছে এবং প্রতি তিন থেকে চারটি নোটের একটি জাল’ বলে আবুল বারকাতের বক্তব্য প্রকাশিত হয়।এর পরদিন বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জাল নোট নিয়ে এ ধরনের বক্তব্য ‘বাস্তবতার সাথে সংগতিহীন ও জনগণের মধ্যে আতঙ্ক সঞ্চারী’ বলে উল্লেখ করে।এ অবস্থায় আবুল বারকাত এক লিখিত বিবৃতিতে বলেন, তিনি গোলটেবিল বৈঠকে বলেছিলেন, ‘দেশে মোট জাল নোটের পরিমাণ হবে আনুমানিক এক হাজার কোটি টাকা। প্রতিটি জাল নোট যদি প্রতিদিন বাজারে গড়ে পাঁচবার আবর্তিত বা হাতবদল হয়, সে ক্ষেত্রে দেশে প্রতিদিন আবর্তমান জাল টাকার পরিমাণ হবে পাঁচ হাজার কোটি টাকা।’গোলটেবিলে দেওয়া তাঁর এই বক্তব্যকেই গণমাধ্যমে বিকৃত করে প্রকাশ করা হয় বলে বারকাত উল্লেখ করেন। তিনি বলেন যে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেছিলেন, ‘একই সাইজের ১০০ ও ৫০০ টাকার নোট আছে, যে দুটির নিরাপত্তা বৈশিষ্ট্য একই রকম। এই ১০০ টাকার নোট ৫০০ টাকার জাল নোটে রূপান্তরিত করা হয়। অন্যান্য নোট যেমন ৫০ ও ১০০ টাকাও জাল হয়।’বারকাত বলেন, ‘জাল টাকা তৈরির সিন্ডিকেটের হোতারা ধরা পড়েন না। ইতিমধ্যে যাঁরা আটক হয়েছেন, তাঁরা মূল সিন্ডিকেটের তৃতীয় বা চতুর্থ স্তরের এজেন্ট মাত্র।’ তিনি আরও বলেন, ‘জাল টাকা তৈরির অন্যতম প্রধান উৎস পাকিস্তান। দেশজ সিন্ডিকেটের সঙ্গে পাকিস্তানি চক্রের সম্পর্ক গভীর। এ ছাড়া জাল টাকা জঙ্গি অর্থায়নে ব্যবহূত হয়।’বারকাত বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত ও ধর্মভিত্তিক জঙ্গিবাদ শক্ত হাতে দমন করছে, তখন জাল টাকার বিষয়টি জাতীয় অর্থনীতিকে পঙ্গু করার অন্যতম পরিকল্পিত মাধ্যম হতে পারে।’বারকাতের মতে, জাল টাকার জন্য যত মামলা হয়েছে (পাঁচ হাজারের বেশি) এবং যাদের জেলে রাখা হয়েছে, তাদের অধিকাংশই দরিদ্র অথবা নিম্নবিত্ত মানুষ।জাল টাকার সমস্যা থেকে উত্তরণের জন্য আবুল বারকাত একই আয়তন এবং নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন ১০০ ও ৫০০ টাকার নোট দ্রুত বাজার থেকে তুলে নেওয়া, জাল টাকা তৈরির মূল সিন্ডিকেটের সদস্য ও পাকিস্তানি সংশ্লিষ্ট চক্র এবং সংশ্লিষ্ট জঙ্গিদের ধরার ব্যবস্থা করা, পুরোনো টাকা গ্রহণ করার সময়ই তা নিবিড় পর্যবেক্ষণে ধ্বংস করে ফেলা এবং জাল টাকার জন্য জেলে আটক গরিব মানুষকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।