জাল নোট রোধে সচেতনতা কর্মসূচি শুরু হবে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, জাল নোট প্রতিরোধে প্রতিটি জেলায় সচেতনতা কর্মসূচি শুরু করা হবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে সহজেই জাল নোট চিনতে পারেন, তেমন উপায় যুক্ত করার প্রয়োজন আছে কি না তা-ও পরীক্ষা করে দেখা হবে।

রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে গতকাল শনিবার ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য জাল নোট শনাক্তকরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কারেন্সি টেকনোলজি (আইআইসিটি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, আইআইসিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ ভিজুয়ালি ইম্পায়ার্ড পিপলস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর আহমেদ চৌধুরী, বর্তমান সভাপতি সাইদুল হক, ফ্রান্সের জাল নোট বিশেষজ্ঞ জো ক্যাসিডি প্রমুখ।

গভর্নর ফজলে কবির বলেন, ‘কোন নোটে কী চিহ্ন আছে জানানো গেলে দৃষ্টিপ্রতিবন্ধীরা তা সহজেই চিনতে পারবেন।’