জাল নোট সরবরাহকারীদের শাস্তি চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ী সমিতিকে জাল নোট শনাক্তকারী ২০০টি যন্ত্র দেওয়া হয়েছে। ঈদ সামনে রেখে বাজারে জাল টাকার নোট ছাড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় এসব যন্ত্র বিতরণ করা হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের হাতে জাল নোট শনাক্তকারী এসব যন্ত্র তুলে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক এসব যন্ত্র এফবিসিসিআইকে দিয়েছে।
অনুষ্ঠানে জাল টাকা শনাক্ত করে এর সরবরাহকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি আরও বলেছেন, সারা বছর একটি চক্র বাজারে জাল নোট সরবরাহ করে থাকে। তাই সারা দেশে জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ জন্য সারা দেশে সব জেলা-উপজেলায় বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নীতি হলো নানা আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এর অংশ হিসেবেই আমরা ব্যবসায়ীদের জাল নোট শনাক্তকরণ যন্ত্র দিচ্ছি।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর শাহা বলেন, বিভিন্ন স্থানে সড়কের পাশে বড় বড় প্রদর্শনী বোর্ড আছে। তাই জাল নোট চেনার উপায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি ভিডিওটি ওই সব বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তিনি জানান, বর্তমানে ৯৬ হাজার কোটি টাকার আসল নোট বাজারে প্রচলিত আছে।
ব্যবসায়ীদের উদ্দেশে শুভংকর সাহা বলেন, জাল নোট শনাক্তকরণ যন্ত্রের দাম বেশি নয়। ব্যবসায়ীরা নিজেরাই কিনে ব্যবহার করতে পারেন। এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি হেলাল উদ্দিনও একই কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, জাল নোট শনাক্তকারী প্রতিটি যন্ত্রের দাম ২ হাজার ২৮ টাকা।
এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে জাল নোটের বিষয়ে প্রচারণা চালাতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেন।