জাল নোট চক্রের ওপর নজরদারির অনুরোধ কেন্দ্রীয় ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে নোট জালকারী চক্রের ওপর কঠোর নজরদারিসহ অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া জামিনে থাকা নোট জালকারী চক্রের ওপর নজরদারি জোরদারেরও অনুরোধ জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রমজান মাসে জালনোট প্রতিরোধকল্পে করণীয় নির্ধারণ ও মতবিনিময় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের এক সভায় এ আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী, গোয়েন্দা সংস্থা এবং তফসিলী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে করা ভিডিওচিত্র পুরো রমজান মাসে গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এবং ব্যাংক শাখায় গ্রাহকদের জন্য প্রদর্শিত টিভি মনিটরে প্রচার, জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে ইস্যু করা নির্দেশনাগুলো কার্যকরভাবে নিশ্চিত করার জন্য তফসিলী ব্যাংকের প্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়।
সভায় জানানো হয়েছে, দেশের শপিং মলগুলোতে ব্যবহারের জন্য এফবিসিসিআইকে পর্যাপ্ত সংখ্যক জালনোট শনাক্তকারী মেশিন প্রদান, জনসমাগমস্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত হ্যান্ডবিল বিতরণ এবং টিভি চ্যানেলে এ সংক্রান্ত ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।