জাল নোট নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক জাল নোট নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে।‘গোলটেবিল আলোচনায় জাল টাকার বিস্তার সম্পর্কে গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা বক্তব্য ও তৎপরবর্তী ব্যাখ্যার প্রেক্ষাপটে’ বাংলাদেশ ব্যাংক জনমনে বিভ্রান্তি ও শঙ্কা নিরসনে এই অনুরোধ জানাল।এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে জাল নোটের সংখ্যা ও মূল্যমান নিয়ে সম্প্রতি গোলটেবিল আলোচনায় নিছক কল্পনানির্ভর তথ্য-উপাত্তের উল্লেখ করা হয়েছে (পাঁচ হাজার কোটি টাকা বা পরবর্তী ব্যাখ্যা অনুযায়ী এক হাজার কোটি টাকা)। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে প্রতিদিন শত শত কোটি টাকার নোট অত্যাধুনিক প্রযুক্তির শর্টিং মেশিনে পরীক্ষা ও বাছাই করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় সময় সময় শনাক্ত হওয়া জাল নোটের সংখ্যা যৎসামান্য।বাংলাদেশ ব্যাংক বলেছে, জনসাধারণ ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে মাঝেমধ্যে ধরা পড়া জাল নোটগুলো আদালতের নির্দেশে জব্দ হয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এ রকম ২৬টি ঘটনায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যমানের ৭৪৮টি জাল নোট ধরা পড়েছে। রঙের মিল ছাড়া আসল নোটের কোনো বৈশিষ্ট্যই (বিশেষ ধরনের কাগজ, জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অমসৃণ ইন্ট্যাগ্লিও মুদ্রণ ইত্যাদি) এসব নোটে নেই।কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতারিত হয়ে জাল নোট হাতে পাওয়া নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে বলে গোলটেবিল বৈঠকে তোলা অভিযোগ যথাযথ নয়।