গত ৭ ফেব্রুয়ারি জাল নোটসংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল বাজারে টাকার জাল নোট বিষয়ে যা বলেছেন, বাংলাদেশ ব্যাংক তাকে বাস্তবতার সঙ্গে সংগতিহীন ও জনগণের মধ্যে আতঙ্ক সঞ্চারী উল্লেখ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক ‘এজাতীয় বক্তব্য অনভিপ্রেত’ হিসেবেও উল্লেখ করেছে।বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, গোলটেবিল আলোচনায় বলা হয়েছে, প্রতিদিন পাঁচ হাজার কোটি টাকার জাল নোট বাজারে ছাড়া হচ্ছে এবং প্রতি তিন-চারটি নোটের একটি জাল।বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘দেশে সর্বমোট ৬৮ হাজার কোটি টাকার সমপরিমাণ আসল নোট রয়েছে। এ অবস্থায় প্রতিদিন পাঁচ হাজার কোটি টাকার জাল নোট ছাড়া হলে আসল নোট ও জাল নোটের সংখ্যা এবং অনুপাত কী ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়। এ জাতীয় পরিসংখ্যান প্রদান সুচিন্তিত হয়েছে—মর্মে প্রতীয়মান হয় না।’জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, জাল টাকা প্রতিরোধের জন্য নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া।