জাল নোটের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান
জাল নোটের ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বাজারে যাতে জাল নোট ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তত্পরতা অব্যাহত রয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে জাল নোট বিষয়ে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব বিষয় জানানো হয়।এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) ২৫টি জাল নোট শনাক্তকরণ মেশিন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি মশিউর রহমান ও র্যাবের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের কাছে এসব মেশিন হস্তান্তর করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, কারেন্সি ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দাশগুপ্ত অসীম কুমার বলেন, ‘ঈদ সামনে রেখে প্রতিবছর নতুন নোট বাজারে ছাড়া হয়। এ সময় জাল নোট তৈরির চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে কোনোভাবেই তারা আসল নোটের কপি করতে পারে না। এসব চক্র নোটের রং কপি করতে পারলেও গ্রেড, জলছাপ, ওভিআই ও বিশেষ কালি কপি করতে পারে না। তা ছাড়া নকল নোট কিছুটা মসৃণ হয়, আর আসল নোট হয় অমসৃণ।’দাশগুপ্ত অসীম কুমার আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকার নোট জাল করতে দেখা যায়। তাই এসব নোট ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া ব্যাংকগুলোর প্রতিটি শাখায় জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যাংকের কেউ জাল নোটসংক্রান্ত কাজে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির সই দেখে শনাক্ত করা সম্ভব হবে এবং তাঁদের শাস্তির আওতায় আনা হবে।তিনি আরও জানান, জাল নোট প্রতিরোধে প্রাথমিকভাবে শহরগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। থানা পর্যায়েও এই আন্দোলন জোরদার করার চেষ্টা চলছে।ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, ‘অসচেতনতার কারণে জাল নোট ব্যাংকিং চ্যানেলে যেতে পারে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।’মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি মশিউর রহমান বলেন, ‘কেউ বেশি পরিমাণে টাকা উত্তোলন করতে চাইলে প্রয়োজনে সংশ্লিষ্ট থানায় পুলিশ স্কোয়াডের জন্য আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ দিয়ে সহায়তা করা হবে।’ এ ব্যাপারে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আর, জাল নোট শনাক্তকরণে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তত্পর রয়েছেন বলেও জানানো হয়।