জালনোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার আগে জালনোট চক্রের সদস্যরা কোনোভাবে যেন বাজারে জালনোট ছড়াতে না পারে সে জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসকে এ বিষয়ে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

কোরবানি পশুর হাটে টাকার লেনদেন বাড়ার সুযোগ নিয়ে জালচক্রের সদস্যরা বাজারে জালনোট ছাড়তে পারে এ আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক বরাবরের মতো এবারও পদক্ষেপ গ্রহণ করছে। 
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কথা বলেন ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
সংবাদ সম্মেলনে নাজনীন সুলতানা জানান, ঈদকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর জালনোট প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতটি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি এবং সিটি করপোরেশনের বাইরের তিনটি হাটসহ মোট ২০টি হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীদের হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত নোট যাচাই সংক্রান্ত সেবা দেওয়ার জন্য ৩৯টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। 
ঢাকার বাইরের জেলাগুলোতে যেখানে বাংলাদেশ ব্যাংক রয়েছে সেসব স্থানে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য স্থানে সোনালি ব্যাংক জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ও উপজেলা পর্যায়ে পশুর হাটগুলো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসকে অবহিত করবে। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানির পশুর হাটে ব্যবহারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার (ডিএমপি, বিজিবি ও র‍্যাব) চাহিদার পরিপ্রেক্ষিতে ৪৫০টি জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে। 
এ ছাড়াও জালনোট প্রতিরোধে জনগণকে সচেতন করার অংশ হিসেবে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতা সবাইকে লেনদেনের সময় মেশিনের সাহায্যে নোট পরীক্ষা করে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসাধারণের চাহিদার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা অফিসেও নতুন নোট বিনিময় কাউন্টার চালু থাকবে। এসব কাউন্টারের মাধ্যমে জনসাধারণকে মূল্যমান ও পরিমাণ অনুসারে নতুন নোট ও কয়েন বিতরণ করা হবে। একই গ্রাহক যাতে একাধিকবার নতুন নোট গ্রহণ না করতে পারে সে জন্য আঙুলের চাপ ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। একক প্রতি পাওয়া যাবে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকা। 
বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিস ছাড়াও ঢাকায় অবস্থিত ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংক, মিরপুর শাখা, সাউথ ইষ্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ব্যাংক এশিয়া পল্টন শাখা, , ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের নিউ মার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক দক্ষিণখানের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, যমুনা ব্যাংক ধানমন্ডি শাখার শাখার মাধ্যমে নতুন নোট প্রদান করা হবে।