জাহাজ অলস থাকায় ক্ষতি শত কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি কনটেইনার জাহাজে গড়ে ৩০ ঘণ্টা কোনো কাজ হয় না। এই অলস সময়ের জন্য প্রতিটি জাহাজের পরিচলন ও ভাড়া বাবদ গড়ে বাড়তি ব্যয় হচ্ছে আনুমানিক ১৫ হাজার মার্কিন ডলার। কনটেইনারপ্রতি এ বাড়তি খরচের হার ১৬ মার্কিন ডলার।
জার্মানির ‘হামবুর্গ পোর্ট কনসালটিং-এইচপিসি’-এর প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ প্রতিবেদন (মধ্যবর্তী) বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
প্রতিষ্ঠানটির এ তথ্য হিসাবে নেওয়া হলে গত অর্থবছর শেষে ১ হাজার ৪টি কনটেইনার জাহাজের জন্য এই বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় কোটি ডলার বা ১১৭ কোটি টাকা। গত অর্থবছর ১১ লাখ ১২ হাজার ৯০০টি কনটেইনার (২০ ফুট বা ৪০ ফুট লম্বা প্রতিটিকে একটি ধরে) হিসাবে বছরে বাড়তি ব্যয় হয় ১ কোটি ৭৮ লাখ ডলার বা ১৩৮ কোটি টাকা।
জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোর হিসাবে, চট্টগ্রাম বন্দর রুটে চলাচলকারী জাহাজের পরিচলন ব্যয় ও জাহাজ ভাড়া হিসাব করে কনটেইনার পরিবহনের ভাড়া ওঠা-নামা হয়। এ হিসেবে বাড়তি ব্যয়ের এই পরিমাণ যোগ হচ্ছে পণ্য পরিবহন ভাড়ায়। এ ভাড়া বহন করছে আমদানি-রপ্তানিকারকেরা।
যোগাযোগ করা হলে কনটেইনার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাহাজ পরিচালনা ব্যয় কমে গেলে পণ্য পরিবহন ভাড়ার সঙ্গে সব সময় সমন্বয় করে জাহাজ কোম্পানিগুলো। এই ‘অলস সময়’-এর বড় অংশ কাজে পরিণত করা গেলে কনটেইনার পরিবহনের ভাড়াও কমবে।’
বন্দরের ১০টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হয়। এইচপিসির প্রতিবেদন ছাড়াও জেটি পরিচালনাকারী সংস্থাগুলোর হিসাবেও অলস সময়ের কাছাকাছি চিত্র পাওয়া গেছে। যেমন বন্দরের সিসিটি জেটিতে এ বছরের প্রথম ১১ মাসে প্রতিটি জাহাজ গড়ে অলস বসেছিল প্রায় ৩১ ঘণ্টা। এনসিটির দুটি জেটিতে আসা প্রতিটি জাহাজের ক্ষেত্রে এ হার ২৩ ঘণ্টা।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজে রপ্তানি কনটেইনার বোঝাই করার সময়সীমা শিথিল রয়েছে। এ কারণে রপ্তানি কনটেইনার তোলার জন্য অনেক সময় জাহাজ জেটিতে অলস বসে থাকছে। রপ্তানি কনটেইনার নির্ধারিত সময়ে জাহাজে বোঝাই করা গেলে অলস সময় কমিয়ে আনা সম্ভব।
বন্দরে নিয়োজিত চিটাগাং কনটেইনার টার্মিনাল এবং নিউমুরিং টার্মিনালের চারটি জেটি পরিচালনাকারী বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের প্রতিবেদনে বলা হয়, চিটাগাং কনটেইনার টার্মিনালে রপ্তানি কনটেইনারের জন্য অপেক্ষা করতে প্রতিটি জাহাজের মোট অলস সময়ের ৫৭ শতাংশ বা ১৭ ঘণ্টা সময় লাগছে। ইয়ার্ড থেকে কনটেইনার জাহাজের গোড়ায় আনা-নেওয়ার জন্য সময় লাগছে ২২ শতাংশ বা ৬ দশমিক ৮৩ ঘণ্টা। যন্ত্রপাতি বিকল থাকার জন্য ব্যয় হচ্ছে ৫ শতাংশ বা প্রায় দেড় ঘণ্টা। এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই টার্মিনালের দুটি জেটিতে আসা ২৯১টি জাহাজের তথ্য নিয়ে এ হিসাব করা হয়েছে।
তবে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাহাজ জেটি ত্যাগ করার আগে অনেক সময় কিছুসংখ্যক কনটেইনার তোলা হয়। রপ্তানি কনটেইনারের জন্য জাহাজ বসে থাকছে এটা ঠিক নয়।’
বন্দর জেটিতে কনটেইনার জাহাজ ভেড়ার পর থেকে জেটি ত্যাগ করা পর্যন্ত অলস সময় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে জেটিতে ভেড়ার জন্য বহির্নোঙরে অপেক্ষার সময় এতে ধরা হয়নি। বন্দরের একটি প্রতিবেদনে দেখা যায়, গত অক্টোবর মাসে ৮৩টি কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ার জন্য প্রতিটি গড়ে দশমিক ৪৮ দিন বা প্রায় সাড়ে ১১ ঘণ্টা অপেক্ষা বহির্নোঙরে
অপেক্ষা করেছে। বন্দরে জাহাজ ভেড়ানো হয় জোয়ারের সময়। আবার রাতের জোয়ারের সময় কার্যত জাহাজ ভেড়ানো হয় না। এটি প্রাকৃতিক কারণ। ফলে এই অপেক্ষমাণ সময় কমিয়ে আনা কঠিন।